অর্থাভাবে দুটি পা হারানোর আশঙ্কা বিশ্ববিদ্যালয়ছাত্রের
ভর্তি হওয়ার ছয় মাস পর বাড়ি ফিরছিলেন দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম সেমিস্টারের ছাত্র বাহারুল ইসলাম। কিন্তু তাঁর আর বাড়ি ফেরা হয়নি। ট্রাকের চাপায় মারা যান তিনি৷
গুরুতর আহত হন বাহারুলের সঙ্গে থাকা একই বিশ্ববিদ্যালয়ের আরও চার শিক্ষার্থী। তাঁদের একজন একটি পা হারিয়েছেন৷ অপর পায়ের অবস্থাও গুরুতর৷ অর্থের অভাবে ওই পায়ের উন্নত চিকিৎসা নিয়ে সংশয় দেখা দিয়েছে৷ আকাশকে ভর্তি করা হয়েছে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ওই পায়ের চিকিৎসার জন্য আট লাখ টাকা লাগবে৷ কিন্তু ওই অর্থ জোগাড় করা সম্ভব নয় বলে জানিয়েছেন আকাশের বাবা৷
হতাহত ছাত্ররা সবাই ময়মনসিংহের বিভিন্ন এলাকার বাসিন্দা। তাঁরা একই কলেজের ছাত্র ছিলেন৷ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর তাঁরা বিশ্ববিদ্যালয়ের শহীদ নূর হোসেন হলে থাকতেন। গ্রীষ্মের ছুটিতে তাঁরা সবাই একসঙ্গে বাড়ি ফিরছিলেন।
আহত ছাত্রদের সঙ্গে কথা বলে জানা গেছে, এগ্রিকালচার বিভাগের আকাশ সরকার (১৯), সাজেদুল ইসলাম (২০), কামরুল ইসলাম (১৯); ফুড অ্যান্ড প্রসেসিং ইঞ্জিনিয়ারিং বিভাগের শাকিল আহমেদ (২০) ও বাহারুল গত শুক্রবার দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে করে বাড়ি ফিরছিলেন। ওই দিন বিকেল পাঁচটার দিকে তাঁরা বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাশে টাঙ্গাইলের ভূঞাপুরে ট্রেন থেকে নেমে সিএনজিচালিত অটোরিকশায় করে টাঙ্গাইলের অ্যালেঙ্গায় যাচ্ছিলেন। অ্যলেঙ্গা থেকে তাঁদের বাসে করে ময়মনসিংহে যাওয়ার কথা ছিল। অ্যালেঙ্গায় পৌঁছার আগেই তাঁদের অটোরিকশাটিকে একটি ট্রাক চাপা দেয়৷ গুরুতর আহত বাহারুলকে সাভার সুপার ক্লিনিকে ভর্তি করার পর ওই দিন রাতেই মারা যান তিনি।
শাকিল, আকাশ ও সাজেদুলকে ভর্তি করা হয় সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে। কামরুলকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়৷ দুর্ঘটনায় শাকিলের ফুসফুসে রক্তক্ষরণের পাশাপাশি ডান হাতের কবজি ভেঙে যায়। কামরুল হাতে আঘাত পান আর সাজেদুল আঘাত পান মাথায়। এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন শাকিল আহমেদ গতকাল প্রথম আলোকে বলেন, তাঁদের বহনকারী অটোরিকশাটি অ্যালেঙ্গার কাছাকাছি পৌঁছে অপর একটি অটোরিকশাকে অতিক্রম করছিল৷ তখন পেছন দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক অটোরিকশাটিকে চাপা দিয়ে চলে যায়। এ সময় তাঁরা অটোরিকশা থেকে সড়কের ওপর ছিটকে পড়েন৷ তখন ট্রাকের চাকায় পিষ্ট হয়ে পা হারান আকাশ।
এনাম মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, অস্ত্রোপচারের মাধ্যমে তাঁরা আকাশের কাটা পায়ের চিকিৎসা করেন। কিন্তু অপর পা–টিও মারাত্মক ক্ষতিগ্রস্ত হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁর স্বজনেরা তাঁকে ঢাকার অ্যাপোলো হাসপাতালে নিয়ে যান। ক্ষুদ্র ব্যবসা করেন আকাশের বাবা হারাধন সরকার। অনেক কষ্ট করে তিনি তাঁর ছেলেকে লেখাপড়া করাতেন। ধার–দেনা করে ভর্তি করিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ে। দুর্ঘটনার শিকার হয়ে আকাশ এখন দুই পা হারাতে বসেছেন।
হারাধন বলেন, এনাম মেডিকেল কলেজ হাসপাতালে বাঁ পায়ের চিকিৎসা শেষে তাঁকে এক লাখ ১০ হাজার টাকা বিল দিতে হয়েছে। এখন অ্যাপোলো হাসপাতালে তাঁর ডান পায়ের চিকিৎসার জন্য আরও ১০ লাখ টাকা জোগাড় করতে হবে। কিন্ত এই টাকা তাঁর পক্ষে জোগাড় করা সম্ভব নয়।