অর্থাভাবে নির্মাণকাজ ১১ বছরেও শেষ হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুর জেলার নতুন কারাগার নির্মাণের কাজ শুরু হয় ১১ বছর আগে। অর্থাভাবে এ কাজ আজও শেষ হয়নি। রক্ষণাবেক্ষণের অভাবে নতুন কারাগারের এ পর্যন্ত নির্মিত অবকাঠামো নষ্ট হয়ে যাচ্ছে। একই কারণে পুরোনো কারাগারে বন্দীরা জায়গার অভাবে দুর্ভোগ পোহাচ্ছে। পিরোজপুর জেলা গণপূর্ত বিভাগ সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের আমলে ১২ জেলা কারাগার নির্মাণ প্রকল্পের আওতায় পিরোজপুরে কারাগার নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। এ জন্য শহরতলির রায়েরকাঠি এলাকায় ৯ দশমিক ৫০ একর জমি অধিগ্রহণ করা হয়। গণপূর্ত বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মনিরুল ইসলাম জানান, কারাগার নির্মাণের ব্যয় ধরা হয় ১৭ কোটি ৭০ লাখ টাকা। দরপত্র আহ্বান শেষে তুলনামূলক দরপত্রে বিভিন্ন ঠিকাদারি প্রতিষ্ঠান নির্মাণকাজ পায়। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী মো. নাসিম ২০০০ সালের ২৪ মে নির্মাণকাজ উদ্বোধন করেন। চারদলীয় জোট সরকার ক্ষমতায় আসার পর কারাগারের নির্মাণকাজ বন্ধ হয়ে যায়। গণপূর্ত বিভাগের হিসাব শাখা সূত্রে জানা গেছে, ২০০৬-০৭ অর্থবছর পর্যন্ত এ কারাগার নির্মাণের জন্য মাত্র এক কোটি ৭২ লাখ ১৯ হাজার টাকা বরাদ্দ পাওয়া গেছে। এ কারাগার নির্মাণে সবমিলিয়ে ২২ কোটি টাকা প্রয়োজন। সরেজমিনে সম্প্রতি রায়েরকাঠি এলাকায় দেখা যায়, কারাগারের নির্মাণকাজ বন্ধ। নির্মাণাধীন কারাগারের মধ্যে বড় বড় ঘাস ও আগাছা জন্মেছে। অনেক অংশেই মাটি ভরাট বাকি। এ পর্যন্ত আংশিক সুউচ্চ প্রাচীর, আংশিক সীমানা প্রাচীর ও মহিলা কয়েদিদের থাকার জন্য ভবন নির্মাণ করা হয়েছিল। ২০০৭ সালের ১৫ নভেম্বরের সিডরে মহিলা কয়েদিদের ভবনের ছাদ ধসে পড়ে। জেলা কারাগারের জেলার মো. নজরুল ইসলাম বলেন, বর্তমানে এ কারাগারে ১৭৭ জন বন্দীর থাকার ব্যবস্থা আছে। কিন্তু প্রায়ই এখানে দ্বিগুণেরও বেশি বন্দী থাকে। এ কারণে বন্দীদের থাকতে ও প্রতিদিনের কাজকর্ম সারতে দুর্ভোগ পোহাতে হচ্ছে। গণপূর্ত বিভাগের কর্মকর্তাদের নতুন কারাগার নির্মাণের কাজ দ্রুত শেষ করার অনুরোধ জানানো হয়েছে। গণপূর্ত বিভাগের জেলা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) মানিক লাল দাস জানান, অর্থাভাবে পিরোজপুর জেলা কারাগারের নির্মাণকাজ বন্ধ ছিল। তবে প্রধান প্রকৌশলীর দপ্তর থেকে জেলা কারাগার নির্মাণের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দের প্রতিশ্রুতি পাওয়া গেছে। বরাদ্দ পেলে কাজ শেষ করা হবে।