অর্থাভাবে ভুগছেন দগ্ধ খাদিজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন খাদিজা আক্তার। ছবিটি গত সোমবার তোলা l প্রথম আলো
বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন খাদিজা আক্তার। ছবিটি গত সোমবার তোলা l প্রথম আলো

বিয়ের দুদিন পর থেকে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন খাদিজা আক্তার (২২)। এরপরই স্বামীর বাড়ি থেকে তাঁকে আবার বাবার বাড়িতে ফেরত পাঠানো হয়। সেখানেও হতদরিদ্র মা খাদিজাকে দড়ি দিয়ে বেঁধে রাখতেন। সেই দড়ি দেশলাই জ্বেলে পোড়াতে গিয়েই অগ্নিদগ্ধ হন খাদিজা।
অর্থাভাবে বিনা চিকিৎসায় ১৪ দিন ভোগার পর স্থানীয় লোকজনের উদ্যোগে মেয়েটিকে হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু তাঁর আরও উন্নত চিকিৎসার দরকার। অর্থাভাবে তা করা সম্ভব হচ্ছে না। যে চিকিৎসা চলছে তা-ও যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে। খাদিজার বাড়ি ঝালকাঠির রাজাপুর উপজেলার বড়ইয়া গ্রামে।
খাদিজার চাচাতো ভাই সেলিম (৩০) বলেন, খাদিজা ষষ্ঠ শ্রেণিতে পড়ার সময় তাঁর দিনমজুর বাবা সেকেন্দার আলী মারা যান। মা কুলসুম বেগম ঝিয়ের কাজ করে কোনোমতে সংসার চালান। একমাত্র ছোট ভাই আরিফ হোসেন শারীরিক প্রতিবন্ধী। বাবা মারা যাওয়ার পর খাদিজা ঢাকায় একটি পোশাক কারখানায় চাকরি নেন।
স্থানীয় সূত্র জানায়, গত ৫ ডিসেম্বর একই উপজেলার ভাতকাঠি গ্রামের দিনমজুর বেল্লাল হোসেনের সঙ্গে খাদিজার বিয়ে হয়। বিয়ের মাত্র দুদিন পরই গত ৮ ডিসেম্বর থেকে খাদিজা মানসিক ভারসাম্য হারিয়ে বিকারগ্রস্ত মানুষের মতো আচরণ করতে থাকেন। এরপর তাঁকে আবার বাবার বাড়িতে পাঠিয়ে দেয় তাঁর স্বামীর পরিবার। মা সামলাতে না পেরে দড়ি দিয়ে ঘরের চৌকির সঙ্গে মেয়েকে বেঁধে রাখছিলেন। গত ১৬ ডিসেম্বর রাতে খাদিজা দেশলাই জ্বেলে দড়ি পুড়িয়ে নিজেকে মুক্ত করতে গেলে তাঁর পোশাকে আগুন লেগে যায়। এ সময় তাঁর চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে আগুন নেভান। পরদিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকেরা খাদিজাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিতে বলেন। কিন্তু অর্থাভাবে তা সম্ভব না হওয়ায় তাঁকে বাড়িতে ফিরিয়ে আনা হয়। গত শুক্রবার স্থানীয় উপজেলা পরিষদের চেয়ারম্যানসহ কয়েকজন মিলে খাদিজাকে বরিশালে নিয়ে হাসপাতালে ভর্তি করান।
রাজাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনির উজ্জামান বলেন, ‘অর্থাভাবে অগ্নিদগ্ধ মেয়েটির চিকিৎসা হচ্ছে না শুনে তাকে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করি। আমাদের দেওয়া আর্থিক সহায়তায় তাঁর চিকিৎসা চলছে। মেয়েটিকে সুস্থ করতে হলে প্রায় ৫০ হাজার টাকা প্রয়োজন। এ টাকা জোগাড় করা সম্ভব হলে খাদিজাকে ঢাকায় নেওয়ার উদ্যোগ নেব।’
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটের চিকিৎসক হাবিবুর রহমান বলেন, খাদিজার কোমর থেকে নিচের ২৫ শতাংশ পুড়ে গেছে। অগ্নিদগ্ধ হওয়ার পরপরই চিকিৎসা না করানোয় ক্ষতস্থানের কোষগুলো মরে গেছে। এখন তাঁকে সাধ্যমতো চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে ঢাকায় নিয়ে চিকিৎসা করানো গেলে ভালো হতো।