অর্থাভাবে শহীদ মিনারের কাজ শেষ হচ্ছে না
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা সদরের ফজরউদ্দিন (এফইউ) পাইলট উচ্চবিদ্যালয়ের শহীদ মিনারের নির্মাণকাজ দুই বছরেও শেষ হয়নি। বিদ্যালয় কর্তৃপক্ষ টাকার অভাবে শহীদ মিনার নির্মাণকাজ শেষ করতে পারছে না।বিদ্যালয় সূত্রে জানা গেছে, বিদ্যালয়ে শহীদ মিনার নির্মাণের জন্য দরপত্র আহ্বান করে পৌরসভা। ২০০৮ সালের প্রথম দিকে ঠিকাদার বিদ্যালয় ভবনের সামনে শহীদ মিনার নির্মাণ শুরু করেন। শহীদ মিনারের মূল স্তম্ভ নির্মাণ করে তিনি চলে যান। এরপর আর শহীদ মিনারটির নির্মাণকাজ শেষ করা হয়নি।বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুস সালাম মণ্ডল বলেন, ‘পৌর মেয়র শহীদ মিনারের অসর্ম্পূণ কাজ বিদ্যালয়ের তহবিল থেকে করতে বলেছেন। বিদ্যালয়ের তহবিলে টাকা না থাকায় আমরা শহীদ মিনারের কাজ শেষ করতে পারিনি। শহীদ মিনার নির্মাণের জন্য উপজেলা প্রশাসন থেকে আমাদের ১৫ হাজার টাকার চেক দেওয়া হয়েছিল। কিন্তু হিসাবে টাকা না থাকায় সেই চেকের টাকা তুলতে পারিনি।’পৌর মেয়র কামরুজ্জামান বলেন, পৌরসভা ও উপজেলা প্রশাসনের যৌথভাবে ওই শহীদ মিনার নির্মাণ করার কথা ছিল। পৌরসভা কিছু কাজ করেছে, বাকি কাজ উপজেলা প্রশাসন করবে। তা ছাড়া স্কুল কর্তৃপক্ষও শহীদ মিনারের কাজ শেষ করতে পারে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এ এম রফিকুন্নবী বলেন, ‘আমি এখানে নতুন যোগদান করেছি। শহীদ মিনার নির্মাণের জন্য ওই বিদ্যালয়কে ১৫ হাজার টাকার চেক দেওয়ার বিষয়টি আমার জানা নেই।’