
অর্থ বরাদ্দ না পাওয়ায় মানিকগঞ্জ সদর উপজেলার দীঘি-ডাউটিয়া সড়ক দীর্ঘদিন ধরে সংস্কার হচ্ছে না। সড়কটির অধিকাংশ স্থানের কার্পেটিং উঠে গিয়ে গর্ত তৈরি হয়েছে। বৃষ্টির পানি জমে পরিস্থিতি আরও নাজুক হচ্ছে। এতে জেলা সদরে যাতায়াতে ১৫টি গ্রামের অন্তত ২০ হাজার মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, ১৯৯৮ সালে এশিয়া উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে নতুন বসতি-ডাউটিয়া সড়কটির পাঁচ কিলোমিটার কার্পেটিং করা হয়। সড়কটির সংস্কারের জন্য জরিপসহ প্রাথমিক সব কাজ সম্পন্ন হয়েছে এক বছর আগেই। এ সড়কের নতুন বসতি থেকে রৌহাদহ পর্যন্ত সাড়ে তিন কিলোমিটারের উন্নয়নকাজের জন্য ৯৪ লাখ টাকা ব্যয় নির্ধারণ করা হয়েছে।
স্থানীয় লোকজন জানান, দীর্ঘদিন সংস্কার না করায় সড়কটির নতুন বসতি থেকে রৌহাদহ পর্যন্ত সাড়ে তিন কিলোমিটার অংশে কার্পেটিং উঠে গেছে। সড়কটির বিভিন্ন স্থানে খানাখন্দ ও গর্তের সৃষ্টি হয়েছে। সদর উপজেলার নতুন বসতি, দীঘি, কয়রা, পিতলাই, খরসতাই, রৌহাদহ, ঘোনা, তেগুরী, আলীনগর, চান্দহর, ডাউটিয়া, চর গড়পাড়া এবং ঘিওর উপজেলার বিলনালাই ও বৈকণ্ঠুরসহ আরও কয়েকটি গ্রামের মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। এসব এলাকা থেকে পণ্য পরিবহনেও অতিরিক্ত খরচ হচ্ছে।
সরেজমিনে দেখা যায়, নতুন বসতি এলাকা থেকে ঘোনা পর্যন্ত সড়কের কার্পেটিং উঠে গেছে; বের হয়ে আছে ইটের খোয়া। দীঘি ও নতুন বসতি এলাকায় গর্তে মাটি ফেলা হয়েছে। টেম্পো, ইজিবাইক, মাইক্রো বাস ও প্রাইভেটকার চলাচল করায় ধুলোবালিতে পথচারীদের ভোগান্তিও বেড়েছে।
দীঘি গ্রামের আবদুল আলীম বলেন, জেলা শহরের পাশের সড়কটির সংস্কার না হওয়ায় অন্তত ১৫ গ্রামের লোকজন জেলা সদরে যাতায়াতে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাচ্ছে। তবুও সড়কটির উন্নয়নে জনপ্রতিনিধি ও কর্তৃপক্ষের আগ্রহ নেই। টেম্পোচালক রমজান আলী এবং ইজিবাইকের চালক শাহিনুর ইসলাম বলেন, সড়কে গর্তের কারণে ধীরগতিতে চলতে হয়। এরপরও মাঝেমধ্যেই যানবাহনের যন্ত্রাংশ নষ্ট হয়।
স্থানীয় দীঘি ইউনিয়ন পরিষদের (ইউপি) ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মাসুদ রানা বলেন, বরাদ্দের অভাবে সংস্কার না হওয়ায় ইউনিয়ন পরিষদ থেকে নতুন বসতি এলাকায় মাটি ফেলে গর্ত ভরাট করা হয়েছে। তবে বৃষ্টি হলে কাদায় যানবাহন চলাচল বাধাগ্রস্ত হয়।
এলজিইডির সদর উপজেলা প্রকৌশলী মফিজ উদদীন বাবলু জানান, জনগুরুত্বপূর্ণ সড়কটির উন্নয়নে ৯৪ লাখ টাকা বরাদ্দ চেয়ে এলজিইডির প্রধান প্রকৌশলী দপ্তরে আবেদন করা হয়েছে। বরাদ্দ না পাওয়ায় কাজ শুরু করা যাচ্ছে না।