মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, নারী ও শিশুরা স্বাস্থ্যের প্রতি যতই মনোযোগী হোক না কেন, তারা অনেক সময় অর্থের অভাবে নিজের স্বাস্থ্য সমস্যার কথা বলতে ভয় পায়। কেননা নারীরা পরিবারেও নিগৃহীত হন।
গাজীপুরের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গতকাল শুক্রবার বিনা মূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অস্ত্রোপচার কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের অধীন ন্যাশনাল আই কেয়ার দুই দিনব্যাপী এ কার্যক্রমের আয়োজন করেছে।
প্রতিমন্ত্রী বলেন, পুরুষ সদস্যদের চিকিৎসায় যতটা খরচ করা হয়, একজন নারীর বেলায় সেভাবে খরচ করা হয় না।
ন্যাশনাল আই কেয়ারের পরিচালক গোলাম মোস্তফার সভাপতিত্বে বক্তব্য দেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. সিরাজুল ইসলাম, সিভিল সার্জন মো. হায়দার আলী, জেলা প্রশাসক এস এম আলম, কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ন্যাশনাল আই কেয়ারের প্রোগ্রাম ম্যানেজার সাইফুল আহমেদ।
উপজেলার বালীগাঁও উচ্চবিদ্যালয়, নোয়াপাড়া ময়েজউদ্দিন উচ্চবিদ্যালয় ও রায়েরদিয়া উচ্চবিদ্যালয়ে তিনটি ক্যাম্পে রোগী
বাছাই শেষে উপজেলা কমপ্লেক্সে দুই দিনব্যাপী এই কার্যক্রমের আয়োজন করা হয়েছে। বিনা মূল্যে চক্ষু চিকিৎসাসেবা দেওয়া হবে আড়াই হাজার রোগীকে।