অর্থ বরাদ্দের অভাবে ১০ মাস ধরে পটুয়াখালীর দুমকি-বাউফল মহাসড়কের নির্মাণকাজ বন্ধ রয়েছে। কিন্তু নির্মাণকাজের জন্য রাস্তা খোঁড়াখুঁড়ি ও কার্পেটিং উঠিয়ে ফেলে রাখায় সড়কটি যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে মানুষের দুর্ভোগ কয়েক গুণ বেড়েছে।সড়ক ও জনপথ (সওজ) বিভাগের পটুয়াখালী কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১০-১১ অর্থবছরে বাউফল-দুমকি এবং বাউফল-দশমিনা ভায়া গলাচিপা-আমরাগাছিয়া পর্যন্ত চারটি ছোট সেতু ও ২০টি আরসিসি বক্স কালভার্টসহ ৮৬ কিলোমিটার মহাসড়ক পুনর্নির্মাণের জন্য ৯৯ কোটি ৫৬ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে ২০১০ সালের ১০ এপ্রিল দুমকি-বাউফল অংশের ১৮ কিলোমিটার সংস্কারের জন্য পৃথকগুচ্ছে (প্যাকেজ) দরপত্র আহ্বান করা হয়। শিডিউল অনুযায়ী তিন বছরের মধ্যে কাজ শেষ করার কথা। এ কাজের জন্য ২০১১ সালের জুন মাসে সওজ মাত্র দুই কোটি টাকা বরাদ্দ দেয়। কাজটি পায় মাহফুজ এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।ঠিকাদারি প্রতিষ্ঠানটি গত বছরের এপ্রিল মাস থেকেই সড়কের নিচের অংশ কেটে বালু, ইট ও পাথর ফেলার কাজ শুরু করে। এর মধ্যে বগা থেকে কালাইয়া পর্যন্ত সড়কের ওপরের অংশ উঠিয়ে ফেলার কাজ শেষ হয়। এ অবস্থায় ঠিকাদারি প্রতিষ্ঠান আগস্ট মাসের শেষ দিকে নির্মাণকাজ বন্ধ করে দেয়। ঠিকাদার মাহফুজ এন্টারপ্রাইজের মালিক মো. মাহফুজ খান বলেন, বরাদ্দ না পেলে কাজ শুরু করা সম্ভব নয়। তিনি দাবি করেন, সড়কটির নির্মাণকাজ করতে গিয়ে ইতিমধ্যে বরাদ্দ দেওয়া টাকার চেয়ে চারগুণ বেশি খরচ হয়েছে।স্থানীয় লোকজন জানায়, সড়কটি দিয়ে পটুয়াখালীর বাউফল, গলাচিপা ও দশমিনার মানুষ যাতায়াত করে। গত বছরের আগস্ট মাসে এ মহাসড়কটির নির্মাণকাজ বন্ধ করে দেন সংশ্লিষ্ট ঠিকাদার। এত দিনেও কাজ শুরু না হওয়ায় বৃষ্টি শুরু হয়ে গেলে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। সড়ক যোগাযোগ বন্ধ হলে এ তিন উপজেলার ১২ লাখ মানুষ দুর্ভোগ পোহাবে।বাসচালক চান মিয়া ও আবদুল মালেক বলেন, বগা-বাউফল সড়কের কার্পেটিং উঠিয়ে ফেলায় দিন দিন যান চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে। বর্তমানে ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে। নির্মাণকাজ শেষ না হলে বর্ষা মৌসুমে এ সড়কে বাস ও ট্রাক চলাচল বন্ধ হয়ে যাবে।জাতীয় সংসদের হুইপ ও পটুয়াখালী-২ আসনের সাংসদ আ স ম ফিরোজ বলেন, দীর্ঘদিন ধরে এ সড়কের কাজ বন্ধ থাকায় যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। তবে চলতি অর্থবছরে এ সড়কের কাজ শেষ করা হবে। সওজের পটুয়াখালী নির্বাহী প্রকৌশলী কমলেন্দু মজুমদার বলেন, বরাদ্দ কম থাকায় কাজ বন্ধ রয়েছে। তবে চলতি অর্থবছর (২০১২-১৩) বেশি বরাদ্দ পাওয়া যাবে। বর্ষা মৌসুমে কাজ করতে সমস্যা। তাই সেপ্টেম্বর মাসে পুরোদমে কাজ শুরু হবে।