
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলো পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে অপেক্ষায় থাকতে পারে না। এ ক্ষেত্রে উন্নত দেশগুলোর বলিষ্ঠ ভূমিকাই পরিবর্তন আনতে পারে। তাই তিনি বাংলাদেশসহ ঝুঁকিতে থাকা দেশগুলোকে রক্ষায় অর্থায়নে উন্নত দেশগুলোর জোরালো প্রতিশ্রুতি চান।
প্রধানমন্ত্রী গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ জলবায়ু শীর্ষ সম্মেলনে দেওয়া বক্তৃতায় এসব কথা বলেন। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় পরিকল্পনা ও পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া এগিয়ে নিতে বিশ্বনেতাদের যুক্ত করে এ শীর্ষ সম্মেলনের আয়োজন করেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন। ২০১৫ সালের মধ্যে বিশ্বের তাপমাত্রা দুই ডিগ্রি সেলসিয়াসের চেয়ে না বাড়ানোর উচ্চাকাঙ্ক্ষা পূরণে জাতিসংঘের সদস্যদেশগুলোর নেতাদের পাশাপাশি সরকারি-বেসরকারি প্রতিনিধি, ব্যবসায়ী, নাগরিক সমাজের রাজনৈতিক অঙ্গীকার আদায় এই সম্মেলনের মূল লক্ষ্য।
জাতিসংঘের সাধারণ পরিষদের ৬৯তম অধিবেশনের সভাপতি স্যাম কুতেসার সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় পদক্ষেপ ও উচ্চাকাঙ্ক্ষা ঘোষণা শীর্ষক তৃতীয় কর্ম-অধিবেশনে শেখ হাসিনা বক্তৃতা দেন।
প্রধানমন্ত্রী বক্তৃতার শুরুতে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশের নেওয়া বিভিন্ন পদক্ষেপ উল্লেখ করেন। এ প্রসঙ্গে বাংলাদেশ জলবায়ু পরিবর্তন কৌশল ও কর্মপরিকল্পনা প্রণয়ন এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা স্বল্পোন্নত দেশ হওয়ার পরও সরকারের নিজস্ব তহবিল থেকে ঝুঁকি হ্রাস ও অভিযোজনে ৩৮৫ মিলিয়ন ডলার বরাদ্দের বিষয়গুলো উল্লেখ করেন।
শেখ হাসিনা বলেন, এর পরও জলবায়ু পরিবর্তন লাখ লাখ মানুষের জীবন ও জীবিকার জন্য হুমকি তৈরি করছে। ফলে এসব মানুষ অবস্থানের পাশাপাশি চিরাচরিত পেশা পরিবর্তন করতে বাধ্য হচ্ছেন। তিনি মনে করেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি কমাতে উচ্চাভিলাষী না হলে, অভিযোজনের ব্যয় এখন যা ধারণা করা হচ্ছে, তার চেয়ে বেশি হবে।
পরিস্থিতি থেকে উত্তরণের লক্ষ্যে প্রধানমন্ত্রী সুনির্দিষ্ট কিছু প্রস্তাব তুলে ধরেন। তিনি বলেন, ‘আমাদের অবশ্যই অভিযোজন এবং লাভ ও ক্ষতির ওপর জোর দিতে হবে। আমরা অভিযোজন ও ঝুঁকি হ্রাসের মধ্যে গুরুত্বপূর্ণ ভারসাম্য রক্ষার আহ্বান জানাতে পারি।’ তিনি বলেন, ‘বাংলাদেশের জন্য অভিযোজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। জলবায়ু পরিবর্তনের অবনতিশীল পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য আমরা অপেক্ষায় থাকতে পারি না। অন্যরা, বিশেষ করে পরিবর্তন আনতে পারা উন্নত দেশগুলোর কাছ থেকে জোরালো অঙ্গীকার প্রত্যাশা করছি।’
শেখ হাসিনা বলেন, ‘আমাদের কাছে জলবায়ুর বেসরকারি অর্থায়ন ঝুঁকি হ্রাসের জন্য সম্পূরক হতে পারে। অভিযোজনের পরিকল্পনা ও বাস্তবায়নের জন্য পর্যাপ্ত এবং অনুমেয় অর্থায়ন অপরিহার্য। জলবায়ুর ঝুঁকিতে থাকা দেশগুলোর অভিযোজনের জন্য দ্রুত অর্থায়ন হতে হবে। বাংলাদেশের মতো জলবায়ুর ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য গ্রিন ক্লাইমেট ফান্ডকে (জিসিএফ) এ বিষয়গুলো বিবেচনায় নিতে হবে। জিসিএফে বিপুল ও দ্রুত অর্থায়ন আমাদের জন্য গুরুত্বপূর্ণ। ব্যাপকভাবে সামর্থ্য বাড়ানোও সমানভাবে গুরুত্বপূর্ণ। প্রযুক্তির ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। জীবনরক্ষাকারী প্রযুক্তি ব্যবহারের সুযোগ এবং অভিযোজনমূলক প্রযুক্তির উন্নয়নে সমর্থন চায় বাংলাদেশ।’
প্রধানমন্ত্রী বলেন, ‘অভিযোজনের ক্ষেত্রে বাংলাদেশ অনেক কিছু শিখেছে। জলবায়ু সহনশীল হয়ে ওঠার ব্যাপারে আমাদের সীমিত অভিজ্ঞতা বিনিময়ে আমরা তৈরি আছি।’