অর্থায়ন বাতিলের নেপথ্যে থাকা ব্যক্তিদের ছাড় দেওয়া হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পদ্মা সেতুতে বিশ্ব ব্যাংকের অর্থায়ন বাতিলের নেপথ্যে অপরাধী ব্যক্তিদের শনাক্ত করতে তাঁর সরকার তদন্ত চালিয়ে যাবে। এই অর্থায়ন বাতিলের নেপথ্যে থাকা ব্যক্তিদের ছাড় দেওয়া হবে না।গত সোমবার রাতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে গ্রান্ড হায়াত হোটেলে যুক্তরাষ্ট্র শাখা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন ২০১২-এ প্রধানমন্ত্রী এ কথা বলেন।শেখ হাসিনা বলেন, ‘বিশ্বব্যাংক বহু প্রতীক্ষিত পদ্মা সেতু অর্থায়নে ফিরে আসার ঘোষণা দেওয়ার পরও অর্থায়ন বন্ধের পেছনের অপরাধীদের আমরা ছাড় দেব না। আমরা প্রকৃত অপরাধীদের খুঁজে বের করতে সংকল্পবদ্ধ।’সোমবার এক অনুষ্ঠানে বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের সঙ্গে কথা হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা বিশ্ব ব্যাংকের সিদ্ধান্তকে স্বাগত জানাই। কিন্তু আমি বিশ্বব্যাংক প্রেসিডেন্টকে বলেছি, এ বিষয়ে আমরা পূর্ণ তদন্ত চাই। আমি জানতে চাই পূর্ববর্তী অর্থায়ন কেন বাতিল করা হয়েছিল। এই অর্থায়ন বন্ধের নেপথ্য ঘটনা জানার ব্যাপারে আমি অনড়। পদ্মা সেতু নিয়ে দেশের স্বার্থবিরোধী ষড়যন্ত্র কে বা কারা করেছে তা আমরা দেশের মানুষকে জানাব।’শেখ হাসিনা কারও নাম উল্লেখ না করে বলেন, ‘এক ব্যক্তি একটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদের জন্য অর্থায়ন বাতিলে বিশ্ব ব্যাংককে প্রভাবিত করেছেন। আমি ওই ব্যক্তির নাম বলতে চাই না, কারণ সবাই তাঁর নাম জানেন। সব খবর আমাদের জানা আছে। ’৭১ সালে এসব ব্যক্তির ভূমিকা কী ছিল তা সবার জানা আছে।’ প্রধানমন্ত্রী বলেন, ‘দুর্নীতি দমন কমিশন—দুদক তদন্ত চালিয়ে যাচ্ছে। এটি তারা শেষ করবে। আমরা এই তদন্তে সহায়তার জন্য বিশ্বব্যাংককে তাদের প্রতিনিধি নিয়োগ দিতে বলেছি।’প্রধানমন্ত্রী বলেন, বিশ্ব ব্যাংক ২০০৫ সালে বাংলাদেশে সড়ক ও সেতু নির্মাণে তাদের সব অর্থায়ন বন্ধ করেছিল। সে সময় ক্ষমতায় ছিল বিএনপি। এটা কেবল তাদের দুর্নীতির কারণে হয়েছিল। বিরোধীদলীয় নেত্রীর সমালোচনার জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপি ক্ষমতায় থাকতে একটা পদ্মা সেতু নির্মাণ করতে পারে নাই। এখন তিনি পদ্মা নদীর ওপর দুটি সেতু বানাবেন বলছেন। আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে শক্তিধর দেশগুলোর প্রতি আহ্বান: গত সোমবার জাতিসংঘ সাধারণ পরিষদ মিলনায়তনে আইনের শাসনের ওপর উচ্চপর্যায়ের এক আলোচনায় অংশ নেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আইনের শাসনের ভিত্তিতে নিরাপদ বিশ্বব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে আন্তর্জাতিক আইন ও চুক্তির প্রতি শ্রদ্ধা প্রদর্শন এবং এসব আইনের নিরপেক্ষ ও যথাযথ প্রয়োগে সমর্থন দিতে শক্তিধর দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি সমতার নীতি নিশ্চিত করতে প্রধান প্রধান আন্তর্জাতিক সংস্থাগুলোতে উন্নয়নশীল দেশগুলোর অধিকতর সক্রিয়তা ও প্রতিনিধিত্বের ওপর গুরুত্বারোপ করেন। ওবামার সংবর্ধনায় যোগদান: প্রধানমন্ত্রী সোমবার মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও ফার্স্ট লেডি মিশেল ওবামার দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। সাধারণ পরিষদের ৬৭তম অধিবেশনে যোগদানকারী বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধানদের সম্মানে হোটেল ওয়ালড্রফ এসটোরিয়ায় এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।২০২১ সালের মধ্যে দেশে মোট জনশক্তির অর্ধেকই হবে নারী: সোমবার ইন্টারকন্টিনেন্টাল বার্কলে হোটেলে ‘সম অংশীদারির ভবিষ্যৎ’ শীর্ষক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ২০২১ সাল নাগাদ প্রশাসন, চাকরি ও নেতৃত্বসহ বাংলাদেশের সব কর্মক্ষেত্রের অর্ধেক প্রতিনিধিত্ব করবে নারীরা। তিনি বলেন, ‘আমি সংসদে ও নেতৃত্বের সকল পর্যায়ে প্রতিনিধিত্ব ২০ শতাংশ থেকে ৩০ শতাংশ বৃদ্ধির মাধ্যমে ২০২১ সালের মধ্যে বাংলাদেশে নারীর রাজনৈতিক ক্ষমতায়ন করার ব্যাপারে অঙ্গীকার করছি।’ প্রধানমন্ত্রী বলেন, নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন ও গৃহে নির্যাতন থেকে রক্ষার জন্য আইন প্রয়োগে আরও ব্যবস্থা নেওয়া হবে।