অর্থায়নের স্বচ্ছতা না থাকলে জবাবদিহিও থাকবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘অর্থায়ন ছাড়া রাজনীতি হবে না। তবে এ অর্থায়নে স্বচ্ছতা থাকতে হবে। স্বচ্ছতা না থাকলে জবাবদিহিও থাকবে না। অর্থায়নের প্রভাব না কমলে রাজনীতি ক্রমে আদর্শচ্যুত হয়ে পড়বে।’ সিলেটে গতকাল সোমবার ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) উদ্যোগে ‘রাজনৈতিক অর্থায়নে স্বচ্ছতা: চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়’ শীর্ষক সেমিনারে রাজনৈতিক দলের নেতারা এ মতামত ব্যক্ত করেছেন। নগরের একটি রেস্তোরাঁয় সকাল থেকে দুপুর পর্যন্ত অনুষ্ঠিত সেমিনারের আয়োজক ছিল টিআইবি-সমর্থিত সংগঠন সচেতন নাগরিক কমিটি। শুরুতে স্বাগত বক্তব্য দেন টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। ‘রাজনৈতিক অর্থায়নে স্বচ্ছতা: চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়’ শীর্ষক গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন টিআইবির ঊর্ধ্বতন কর্মকর্তা শাহজাদা এম আকরাম। মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন এফআইভিডিবির নির্বাহী পরিচালক যেহীন আহমদ। সেমিনারে সভাপতিত্ব করেন সচেতন নাগরিক কমিটি সিলেটের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী।মুখ্য আলোচকের বক্তব্যে যেহীন আহমদ বলেন, ‘মাওলনা ভাসানী মুদি দোকানের হিসেব-নিকেষের মতো রাজনৈতিক আয়-ব্যয়ের হিসাব রাখতেন। সেই প্রেক্ষাপট এখন না থাকলেও এখনকার প্রেক্ষাপট নাগরিক সমাজকে উদ্বিগ্ন করে তুলেছে।’প্রবন্ধ ও মুখ্য আলোচকের বক্তব্যের পরই ইফতেখারুজ্জামানের সঞ্চালনায় শুরু হয় মুক্ত আলোচনা পর্ব। সিলেট সিটি করপোরেশনের মেয়র বদরউদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, কমিউনিস্ট পার্টির সভাপতি বেদানন্দ ভট্টাচার্য, জাসদের সাধারণ সম্পাদক লোকমান আহমদ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলী আহমদ, রেজাউল হাসান লোদী, বিয়ানীবাজার উপজেলা চেয়ারম্যান রুমা চক্রবর্তী, জামালগঞ্জ উপজেলা চেয়ারম্যান শামীমা শাহরিয়ার, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) সিলেটের সভাপতি শামীমুর রহমান, সিলেট চেম্বারের পরিচালক লায়েছউদ্দিন, বাংলাদেশ মহিলা পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক মিনা কর্মকার, উইমেন্স চেম্বারের বনলতা রায় প্রমুখ মতামত ব্যক্ত করেন।সিলেট সিটি করপোরেশনের মেয়র বদরউদ্দিন আহমদ কামরান বলেন, ‘রাজনীতির আদর্শ লালন করে রাজনীতি চলতে হবে।’সমাপনী বক্তব্যে ইফতেখারুজ্জামান বলেন, ‘সুস্থ ধারার রাজনীতিকে ফেরাতে হলে অর্থায়নের স্বচ্ছতার দাবি তুলতে হবে। এই সেমিনার থেকে সব মতামত আমাদের দাবিকে আরও জোরালো করবে।’