অর্থের অভাবে থেমে যাবে মেডিকেল কলেজছাত্রী রিমার পড়াশোনা?

স্ত্রী দিনমজুর। স্বামী রিকশা-ভ্যানচালক। কোনো জমিজমা নেই। চিনিকলের পরিত্যক্ত ঘরে তিন মেয়ে নিয়ে তাঁদের বসবাস। এই পরিবারেরই বড় মেয়ে রিমা রানী মহন্ত এখন মেডিকেল কলেজের ছাত্রী। অন্যের সাহায্যের টাকায় কলেজে ভর্তি হলেও অর্থের অভাবে তাঁর চিকিৎসক হওয়ার স্বপ্নপূরণ অনিশ্চয়তার মুখে পড়েছে।
জয়পুরহাট পৌরসভায় চিনিকলের কৃষি খামার এলাকায় পরিত্যক্ত ঘরে এই পরিবারের বসবাস। ৬ মে সরেজমিনে কথা হয় রিমা রানী মহন্ত ও তাঁর মা সীমা রানী মহন্তের সঙ্গে। তাঁরা কষ্টের কথা জানান। বাসুদেব মহন্ত ও সীমা রানী মহন্ত তিন কন্যা সন্তানের মা-বাবা। রিমা ছাড়া অপর দুটি মেয়েও পড়াশোনা করে। রিমা ২০১২ সালে জয়পুরহাট কেজি এবং উচ্চবিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পান। জয়পুরহাট সরকারি কলেজ থেকে ২০১৪ সালে এইচএসসিতেও তিনি জিপিএ-৫ পান। ওই বছর তিনি ঢাকা শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে সম্মান শ্রেণিতে ভর্তি হন। সেখানে পড়া অবস্থায় প্রাইভেট পড়িয়ে তিনি মেডিকেলে ভর্তির কোচিং করেন এবং ২০১৫-১৬ শিক্ষাবর্ষে গোপালগঞ্জ শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পান। সেখান থেকে মাইগ্রেশন করে কুষ্টিয়া মেডিকেল কলেজে আসেন। তিনি এখন এই মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী।
সীমা রানী বলেন, চিনিকলের ভাঙাচোরা দরজা-জানালাহীন বাড়িতে থাকতে হয়। বৃষ্টি এলে ঘরে পানি পড়ে। পলিথিন দিয়ে জিনিসপত্র ঢেকে রাখতে হয়। এখান থেকেও তাঁদের চলে যেতে বলা হয়। কোথায় গিয়ে উঠবেন, সে জায়গা নেই। তিনি নিজে অন্যের কৃষিজমিতে দিনমজুরের কাজ করেন। দিনে ১৮০ টাকা থেকে ২০০ টাকা পান। রিমার বাবা ভ্যান চালান। এই উপার্জন দিয়ে মেয়েদের পড়ার খরচ জোগাবেন না ক্ষুধা মেটাবেন, তা ভেবে পান না। মানুষের সাহায্য ও বেসরকারি সংস্থা থেকে ঋণ নিয়ে বড় মেয়েকে মেডিকেলে ভর্তি করান। দীর্ঘশ্বাস ছেড়ে সীমা রানী বলেন, ‘এখন কিস্তির টাকা শোধ করমো, না মেয়ের মাসে মাসের খরচ দিমো, কূলকিনারা পাচ্ছি না।’
কয়েক দিন আগে বাড়িতে আসেন রিমা রানী। তিনি প্রথম আলোকে বলেন, সহপাঠীর কাছ থেকে টাকা ধার করে তিনি কুষ্টিয়া থেকে বাড়ি আসেন। দ্বিতীয় বর্ষের ফরম পূরণের জন্য জয়পুরহাট জেলা পরিষদ থেকে চার হাজার টাকা দেয়। তার সঙ্গে আরও নয় শ টাকা জোগাড় করে ফরম পূরণ করেন। হোস্টেলের খাবার বিল বাকি রয়েছে ১ হাজার ৮০০ টাকা। শেষ পর্যন্ত আদৌ পড়া হবে কি না, সে নিয়ে দুশ্চিন্তায় আছেন তিনি।
জয়পুরহাট শহরের কেজি এবং উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোখলেছুর রহমান বলেন, রিমা এ বিদ্যালয়ের মেধাবী ছাত্রী ছিলেন। তাঁর ছোট বোন চন্দনা রানী এ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। মানবিক শাখায় তার রোল নম্বর ১। রিমারা খবুই গরিব। বিত্তবান ব্যক্তিরা এগিয়ে এলে হয়তো রিমার চিকিৎসক হওয়ার স্বপ্নপূরণ হবে।
রিমা রানী মহন্তকে সাহায্য করতে চাইলে পূবালী ব্যাংক লিমিটেডের জয়পুরহাট শাখায় (সদর রোড) তাঁর হিসাব নম্বরে পাঠাতে পারবেন। হিসাব নাম : রিমা রানী মহন্ত ব্যাংক হিসাব নম্বর: ০১৯১১০১১৫১৭৩০ পূবালী ব্যাংক লিমিটেড, জয়পুরহাট শাখা, সদর রোড।