বান্দরবানের স্বশিক্ষিত শৈফোচিং মারমা ৩৩ হাজার শব্দের বিশাল মারমা ভাষা অভিধান সংকলন করেছেন। কিন্তু অর্থের অভাবে মুদ্রণ করতে না পারায় ১৩ বছর ধরে সংগ্রহ করা শব্দের ভান্ডার এখনো পাণ্ডুলিপি হয়ে পড়ে রয়েছে।তিন পার্বত্য জেলার মারমা ভাষা কমিটির সভাপতি ক্যশৈপ্রু মারমা বলেন, মারমা ভাষা সমৃদ্ধ হলেও এ ভাষায় এখনো কোনো অভিধান প্রণয়ন হয়নি। সেই দৃষ্টিভঙ্গিতে শৈফোচিং ঐতিহাসিক কাজ করেছেন। মারমা ভাষা কমিটি তার সংকলিত অভিধান যেকোনো উপায়েই মুদ্রণ করবে।পেশায় কাঠমিস্ত্রি শৈফোচিং মারমা প্রথম আলোকে বলেন, সম্পূর্ণ নিজের উদ্যোগে তিনি ২০০০ সালে মারমা থেকে মারমা ভাষায় অভিধান সংকলনের কাজ শুরু করেছেন। আর্থিক ও নানাবিধ সমস্যার মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সঙ্গে মিশে শব্দ সংগ্রহ করেছেন। শৈফোচিং বলেন, গত বছর সংগ্রহ ও সংকলনকাজ শেষ করেছেন। প্রায় ৩৩ হাজার মৌলিক শব্দ, ৯০ হাজারের বেশি সমার্থক শব্দ, এক হাজার ১০০ প্রবাদ-প্রবচন তিনি সংগ্রহ এবং সংকলন করেছেন। এ বিশাল শব্দভান্ডারে বর্মি ও রাখাইন ভাষা থেকে মাত্র এক হাজারের কিছু বেশি শব্দ মারমা ভাষায় এসেছে। এ জন্য বর্মি ও রাখাইন ভাষার সঙ্গে মৌলিক কিছু সাদৃশ্য থাকলেও মারমা ভাষা সম্পূর্ণ স্বতন্ত্র এবং সমৃদ্ধ একটি ভাষা।বান্দরবানের আদিবাসী সাংস্কৃতিক ইনস্টিটিউটের গবেষণা কর্মকর্তা উচনু মারমা বলেছেন, শৈফোচিং মারমা সংকলিত মারমা ভাষা অভিধানটি আরও সমৃদ্ধ ও মারমা আদিবাসী সবার গ্রহণযোগ্য করতে হলে সমাজের অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ নেওয়া প্রয়োজন। এ কাজে সহযোগিতা চাইলে তাঁকে তাঁরা সহযোগিতা দিতে পারেন বলে তিনি জানান।