অর্থের অভাবে সংস্কার হচ্ছে না সড়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটি পৌরসভার বিভিন্ন সড়কে খানাখন্দ সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে পৌরবাসী।
রাঙামাটি শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, ৫ নম্বর ওয়ার্ডের তবলছড়ি এলাকার স্বর্ণটিলা পাহাড়ে ওঠা সড়কের ৩০ ফুট, ৮ নম্বর ওয়ার্ডের বনরূপা এলাকার ট্রাইবাল আদাম গ্রামের প্রবেশমুখের ১৫ ফুট, একই এলাকার বটতলা ট্রাইবাল আদাম সংযোগস্থলে ১৫ ফুট, বন বিভাগ কার্যালয় চম্পকনগর সংযোগ সড়কে ২০ ফুট এবং ৯ নম্বর ওয়ার্ডের বনবিহারসংলগ্ন প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউট সড়কের দুটি স্থানে ২৫ ফুট কার্পেটিং উঠে গিয়ে গর্তের সৃষ্টি হয়েছে। এসব স্থানে অটোরিকশা চালানো ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে বলে জানিয়েছেন চালকেরা। এ ছাড়া শহরের ১ নম্বর ওয়ার্ডের ঘনবসতিপূর্ণ রিজার্ভ বাজার, ৭ নম্বর ওয়ার্ডের বনরূপা বাজার, ৮ নম্বর ওয়ার্ডের কালিন্দীপুর সড়ক, দেবাশীষ নগর সড়কসহ শহরের প্রায় প্রতিটি সড়কের বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে ছোট ছোট গর্তের সৃষ্টি হয়েছে।
পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কালায়ন চাকমা বলেন, দীর্ঘদিন সংস্কারের অভাবে বিভিন্ন মহল্লার সড়কগুলোর কার্পেটিং উঠে যাচ্ছে। এই অবস্থায় সড়কগুলো সংস্কার করা না হলে পরবর্তী সময়ে সংস্কারে আরও বেশি অর্থের প্রয়োজন হবে।
৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শিব প্রসাদ মিশ্র বলেন, ‘আমার ওয়ার্ডের বিভিন্ন স্থানে সড়ক সংস্কারের প্রয়োজন হয়ে পড়েছে। বিশেষ করে র্স্বণটিলা সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এ ছাড়া স্বর্ণটিলা মসজিদসংলগ্ন সড়কে একটি প্রতিরক্ষা দেয়াল নির্মাণ জরুরি। তা না হলে পুরো সড়ক ভেঙে যাবে। বিষয়গুলো মাসিক সভায় সব সময় তুলে ধরি। কিন্তু অর্থ বরাদ্দের অভাবে কোনো কিছু হয় না।’
রাঙামাটি পৌরসভার মেয়র মো. সাইফুল ইসলাম চৌধুরী বলেন, অর্থের অভাবে সড়কগুলো দীর্ঘ সময় ধরে সংস্কারবিহীন অবস্থায় আছে। সরকার বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় প্রতিবছর মাত্র ৪০ লাখ টাকা বরাদ্দ দেয়। এ টাকা দিয়ে সব সড়ক সংস্কার করা সম্ভব হয় না। তবে গুরুত্ব বিবেচনায় বেশ কিছু সড়ক সংস্কার করা হয়েছে। তিনি জানান, যে পৌরকর পাওয়া যায়, তা দিয়ে বিভিন্ন সেবা খাতে ব্যয় নির্বাহ করতে হয়। মেয়র বলেন, খুব শিগগির শহর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (ইউজিআইআইটি-৩) কাজ শুরু হবে। তখন সব সড়ক সংস্কারের আওতায় আসবে।