জঙ্গিদের অর্থের জোগানদাতার হদিস পাচ্ছে না পুলিশ। চট্টগ্রামে গ্রেপ্তার নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) চার জঙ্গিকে চারটি পৃথক মামলায় ১৭ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলেও তাঁরা এ বিষয়ে কোনো তথ্য দেননি। গত বৃহস্পতিবার রিমান্ড শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে তাঁদের।
জঙ্গিদের জিজ্ঞাসাবাদে যুক্ত পুলিশ কর্মকর্তারা প্রথম আলোকে বলেছেন, জেএমবি নতুন করে সংগঠিত হচ্ছে—এমন তথ্য দিলেও অর্থের জোগানদাতা ও সংগঠনের চট্টগ্রাম অঞ্চলের প্রধান ‘ফারদিন’ সম্পর্কে কোনো তথ্য দেননি তাঁরা। তাঁকে ধরা গেলে অর্থের জোগানদাতাকে শনাক্ত করা যাবে। গ্রেপ্তার জঙ্গিদের বর্ণনামতে, ফারদিনের স্কেচ তৈরি করে তাঁকে শনাক্তের চেষ্টা চলছে।
গ্রেপ্তার পাঁচ জঙ্গির মধ্যে তিনজন আদালতে জবানবন্দি দিয়েছেন। তাঁরা গত ৪ সেপ্টেম্বর চট্টগ্রাম নগরের আকবরটিলা এলাকায় ‘ল্যাংটা ফকিরের মাজারে’ জোড়া খুন এবং ২৩ সেপ্টেম্বর সদরঘাটে ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। ওই ছিনতাইয়ের ঘটনায় গ্রেনেড বিস্ফোরণে দুই জঙ্গিসহ একটি বেসরকারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপক মারা যান।
গ্রেপ্তারের পর চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে ও আদালত প্রাঙ্গণে পাঁচ জঙ্গি বুলবুল আহমেদ ওরফে মেহেদী, মাহবুবুর রহমান ওরফে খোকন, শাহজাহান ওরফে কাজল, সুজন ওরফে বাবু ও মিনহাজুল ইসলাম ওরফে সজীব প্রথম আলোকে বলেছেন, তাঁদের নেতা ফারদিন। তাঁর কাছ থেকেই অস্ত্র পেয়েছিলেন। তাঁদের মধ্যে জবানবন্দি দিয়েছেন বুলবুল, মিনহাজুল ও সুজন।
সদরঘাটে ছিনতাইয়ের ঘটনায় গ্রেনেড বিস্ফোরণ এবং জোড়া খুনের মামলার তদন্ত করতে গিয়ে ৫ অক্টোবর কর্ণফুলী থানার খোয়াজনগর এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে গ্রেনেড, অস্ত্র-গুলিসহ জেএমবি চট্টগ্রামের ‘সামরিক প্রধান’ তৌফিকুল ইসলাম ওরফে জাবেদসহ পাঁচজনকে (মিনহাজুলকে পরে গ্রেপ্তার করা হয়) গ্রেপ্তার করে ডিবি। পরদিন জাবেদকে নিয়ে গ্রেনেড উদ্ধারে গেলে ‘বিস্ফোরণে’ তিনি নিহত হন বলে হলে দাবি করে পুলিশ।
জাবেদের সঙ্গে গ্রেপ্তার হওয়া জঙ্গিদের জিজ্ঞাসাবাদ করে পাওয়া তথ্যের ভিত্তিতে মিনহাজুলকে ১৫ অক্টোবর রাতে টাঙ্গাইল থেকে গ্রেপ্তার করা হয়। তবে গ্রেপ্তারের এক দিন পরই মিনহাজুল আদালতে জবানবন্দি দেওয়ায় তাঁকে রিমান্ডে নেওয়া হয়নি।
চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. বাবুল আক্তার গত বুধবার দুপুরে তাঁর কার্যালয়ে প্রথম আলোকে বলেন, জেএমবি চট্টগ্রামের প্রধান ও অর্থের জোগানদাতাকে ধরা না গেলে তাঁরা আবারও বড় ধরনের কোনো ঘটনা ঘটাতে পারেন। তাঁদের কাছ থেকে দুটি একে-২২ রাইফেল উদ্ধার করা হয়েছে। এ রকম একটি রাইফেলের মূল্য দেড় থেকে দুই লাখ টাকা। এ ছাড়া গ্রেনেড, অস্ত্র-গুলিও রয়েছে। বড় অঙ্কের অর্থের জোগানদাতা না থাকলে এই জঙ্গিদের পক্ষে এসব অস্ত্র কেনা সম্ভব হতো না। তিনি বলেন, জঙ্গিদের অনেক ছদ্মনাম রয়েছে। ফারদিন নামটি আসলে জেএমবি চট্টগ্রামের প্রধানের সঠিক নাম কি না, তাও যাচাই-বাছাই করা হচ্ছে। স্কেচ তৈরি করে তাঁকে শনাক্তের চেষ্টা চলছে।