অর্থের বিনিময়ে জেএসসিতে অংশগ্রহণের অনুমোদন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্ধারিত সময়ের পরে নগরের হালিশহর আইডিয়াল স্কুলের শিক্ষার্থীদের জেএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ করে দিতে বোর্ডের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মো. ওসমান গনির মাধ্যমে প্রায় এক লাখ টাকা লেনদেনের অভিযোগ পাওয়া গেছে। এ লেনদেনে বাকলিয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবেদীন জড়িত ছিলেন বলে জানা গেছে। হালিশহর আইডিয়াল স্কুলের বোর্ডে কোনো অনুমোদন নেই। তাই বাকলিয়া উচ্চবিদ্যালয়ের মাধ্যমে বিদ্যালয়ের ১১৯ জন শিক্ষার্থীর পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়। এ বাবদ ৮০ হাজার টাকা বোর্ডে জমা দেওয়ার কথা স্বীকার করেছেন বাকলিয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবেদীন। কিন্তু বিশেষ অনুমোদনের মাধ্যমে নিবন্ধন ও পরীক্ষার ফি বাবদ জনপ্রতি ২৯৫ টাকা হিসেবে বোর্ড-নির্ধারিত ফির পরিমাণ দাঁড়ায় ৩৫ হাজার ১০৫ টাকা। বোর্ড-নির্ধারিত ফি ৭০ টাকা, বিলম্ব ফি ২৫ টাকা এবং বিশেষ অনুমোদন ফি ২০০ টাকা।জানা যায়, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী অননুমোদিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীরা অনুমোদিত প্রতিষ্ঠানের মাধ্যমে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পায়। কিন্তু হালিশহর আইডিয়াল স্কুল কর্তৃপক্ষ বোর্ড-নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করেনি। আগামী ৪ নভেম্বর অনুষ্ঠেয় জেএসসি পরীক্ষার ফরম পূরণের নির্ধারিত তারিখ ছিল ২ সেপ্টেম্বর। বিলম্ব ফিসহ ফরম পূরণের সময় শেষ হয়েছে গত ৯ সেপ্টেম্বর।এ ব্যাপারে বোর্ডের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মো. ইলিয়াস বলেন, এ মাসের প্রথম সপ্তাহে পরীক্ষার নিবন্ধন ও ফরম পূরণের তারিখ পেরিয়ে যাওয়ার পর আইডিয়াল স্কুল কর্তৃপক্ষ তিনটি স্কুলের নাম সুপারিশ করে আবেদন করে। কিন্তু এর মধ্যে একটি ছাড়া বাকি দুটি স্কুলের কোনো সম্মতি তারা দেখাতে পারেনি। এরও প্রায় এক সপ্তাহ পরে তারা বাকলিয়া উচ্চবিদ্যালয়ের অনুমতি নিয়ে আবেদন করে।আর্থিক লেনদেনের বিষয়ে জানতে হালিশহর আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক আবদুল আজিজের মুঠোফোনে যোগাযোগ করা হলে বলা হয়, তিনি বাইরে আছেন। নিজেকে স্কুলের সঙ্গে সস্পৃক্ত দাবি করে খেপে গিয়ে বলেন, ‘টাকা কেন দেব? এসব বাজে কথা কে বলেছে?’বোর্ড সূত্রে জানা যায়, বাকলিয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবেদীন আইডিয়াল স্কুলের ১৩০ জন পরীক্ষার্থীকে জেএসসি পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি পাইয়ে দিতে প্রায় এক লাখ টাকা দিয়েছেন সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মো. ওসমান গনিকে। এরপর বোর্ডের চেয়ারম্যানের বিশেষ বিবেচনায় তারা অনুমতি পায়। জানা যায়, উপপরীক্ষা নিয়ন্ত্রক জামাল উদ্দিন আহমেদ বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আলী চৌধুরীর কাছে অভিযোগটি তুলে ধরেন। আর এ নিয়ে গত ২১ অক্টোবর সকালে চেয়ারম্যানের কক্ষে অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। চেয়ারম্যানের উপস্থিতিতে সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মো. ওসমান গনি জামাল উদ্দিনের ওপর চড়াও হন এবং গালাগাল করেন বলে অভিযোগ পাওয়া যায়।অভিযোগ অস্বীকার করে চট্টগ্রাম বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আলী চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘কেউ এ ব্যাপারে আমাকে অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে দেখব।’ তবে উপপরীক্ষা নিয়ন্ত্রক জামাল উদ্দিন আহমেদ ঘটনার কথা স্বীকার করে বলেন, ‘অভিযোগ জানাতে গিয়ে আমিই উল্টো ভর্ৎসনার শিকার হয়েছি।’বক্তব্য জানতে সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মো. ওসমান গনির মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।ব্যাংক ড্রাফটের মাধ্যমে ৮০ হাজার টাকা লেনদেনের কথা স্বীকার করে বাকলিয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবেদীন বলেন, এখানে কোনো অবৈধ লেনদেন হয়নি। সব টাকা বোর্ডের সচিবের বরাবরে ড্রাফট করা হয়েছে। আইডিয়াল স্কুলের ১৩০ জনের মধ্যে ১১৯ জনের রেজিস্ট্রেশন হয়েছে। অংকুর সোসাইটি স্কুলে তাদের আসনের ব্যবস্থা করা হয়েছে। তাঁকে বোর্ড থেকে ফোন করার পরই তিনি পরীক্ষার আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। টাকার হিসাব কে দিয়েছেন জানতে চাইলে তিনি বলেন, ‘আমাকে ফোনে কে জানিয়েছেন, বিষয়টি আমি খেয়াল করতে পারিনি তখন। কারণ, ওই সময় আমি আমার স্কুলের কাজে ব্যস্ত ছিলাম।’বোর্ডের সচিব এ কে এম ফজলুল করিম চৌধুরী বলেন, ১১৯ জনের পরীক্ষা ও নিবন্ধন ফি কোনোমতেই ৮০ হাজার টাকা হতে পারে না।