অর্থের বিনিময়ে নতুন পরীক্ষকের কাছে উত্তরপত্র বণ্টনের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে অর্থের বিনিময়ে তালিকার বাইরে প্রায় ১৫০ জন নতুন পরীক্ষকের কাছে জেএসসি (জুনিয়র স্কুল সার্টিফিকেট) পরীক্ষার সাধারণ গণিতের উত্তরপত্র বণ্টনের অভিযোগ পাওয়া গেছে। বোর্ডের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীর যোগসাজশে এ ধরনের অনিয়ম হয়েছে বলে জানা গেছে। এতে এসব উত্তরপত্র যথাযথভাবে মূল্যায়ন নিয়ে সংশয় দেখা দিয়েছে।১০ নভেম্বর থেকে বোর্ডে উত্তরপত্র বণ্টন শুরু হয়। আজ শনিবার উত্তরপত্র বণ্টন শেষ হচ্ছে। এ বিষয়ে চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক পীযূষ দত্ত প্রথম আলোকে বলেন, ‘আমি সেদিন জেএসসির পরীক্ষাসংক্রান্ত বিষয়ে ঢাকায় পরীক্ষা নিয়ন্ত্রকদের সভায় ছিলাম। বিষয়টি খোঁজ নিয়ে দেখব।’জানা যায়, বোর্ডের তালিকাভুক্ত প্রত্যেক পরীক্ষকের মধ্যে ৩৫০টি করে বাংলা ও ইংরেজি পরীক্ষার উত্তরপত্র বণ্টন করা হয়। কিন্তু ২০ নভেম্বর সাধারণ গণিতের উত্তরপত্র বণ্টনের সময় এই সমতা বজায় রাখা হয়নি। এদিন তাঁদের প্রত্যেককে ২৫০ থেকে সর্বনিম্ন ১০০টি পর্যন্ত উত্তরপত্র বণ্টন করা হয়। এতে অনেকেই ক্ষুব্ধ হন। কেউ কেউ পরীক্ষণের দায়িত্ব পালনে অপারগতা জানান। কারণ, ওই দিন তালিকাভুক্ত পরীক্ষকদের বাইরে প্রায় ১৫০ জন নতুন পরীক্ষকের হাতে উত্তরপত্র তুলে দেওয়া হয়।অভিযোগ রয়েছে, এই পরীক্ষকদের কাছ থেকে ২০০ টাকা করে নিয়ে তাঁদের নিয়োগ দেওয়া হয়েছে। এসব পরীক্ষকের সংশ্লিষ্ট বিষয়ে কোনো অভিজ্ঞতাও যাচাই করা হয়নি।নাম প্রকাশে অনিচ্ছুক বোর্ডের তালিকাভুক্ত একজন পরীক্ষক বলেন, ‘টাকার বিনিময়ে খাতা বিতরণ এবং পরীক্ষক হিসেবে নিয়োগ আমাদের কাছে অপমানজনক মনে হয়েছে।’অর্থের বিনিময়ে পরীক্ষক হওয়ার আগ্রহ প্রসঙ্গে ওই শিক্ষক বলেন, ‘এর কারণ, বোর্ডের পরীক্ষক পরিচয় দিয়ে অনেকেই তাঁদের ব্যক্তিগত কোচিং ব্যবসার পসার ঘটাতে চান। কেউ কেউ আবার একই পরিচয় ব্যবহার করে বিভিন্ন বিষয়ের সহায়ক গ্রন্থ রচনা করেন।’