অর্থের বিনিময়ে মাদক ব্যবসায়ী ও জুয়াড়িকে ছেড়ে দিল পুলিশ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভার ও ধামরাইয়ে পুলিশ এক মাদক ব্যবসায়ী ও ১০ জুয়াড়িকে আটক করে অর্থের বিনিময়ে ছেড়ে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।সূত্রের ভাষ্যমতে, গত মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে সাভার থানার উপপরিদর্শক (এসআই) এমদাদুল হক সাভারের সলমাসি এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী জিন্নাকে আটক করেন। এরপর তাঁকে মাইক্রোবাসে তুলে থানার উদ্দেশে রওনা দেন। কিছু দূর যাওয়ার পর তাঁকে ছেড়ে দেওয়ার বিনিময়ে এক লাখ টাকা দাবি করেন ওই পুলিশ কর্মকর্তা। পরে ৭০ হাজার টাকা দিয়ে ছাড়া পান তিনি।জিন্নার দাবি, আগে মাদকের ব্যবসা করলেও কয়েক মাস হয় তিনি তা ছেড়ে দিয়েছেন। মঙ্গলবার রাতে এসআই এমদাদুল হক তাঁর বাসায় অভিযান চালিয়ে কোনো মাদক উদ্ধার করতে পারেননি। এর পরও তাঁকে আটক করে হত্যা মামলার আসামি করার হুমকি দেন ওই কর্মকর্তা। পরে তিনি টাকা দিয়ে ছাড়া পান।জিন্নাকে আটক করার কথা স্বীকার করে এসআই এমদাদুল হক বলেন, মাদক না পাওয়ার কারণে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে টাকা নেওয়ার অভিযোগ তিনি অস্বীকার করেন।এদিকে ধামরাই থানার পুলিশ গত বুধবার ১০ জন জুয়াড়িকে আটক করে। পরে ৪৫ হাজার টাকার বিনিময়ে তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।স্থানীয় সূত্র জানায়, বুধবার বিকেলে ধামরাই থানার এসআই জুবায়দুল হক শরীফবাগ এলাকায় অভিযান চালিয়ে সোলায়মান, হাফিজুর রহমান, কাজীম উদ্দিন, আবদুস সবুর, আনোয়ার হোসেন, অনিল রাজবংশী, কমল রাজবংশী, রতন রাজবংশী, লক্ষ্মণ ও উদ্যপকে আটক করে থানায় নিয়ে যান। এক দিন আটকে রাখার পর গতকাল বৃহস্পতিবার সকালে পুলিশ তাঁদের ছেড়ে দেয়।নাম প্রকাশে অনিচ্ছুক আটক ব্যক্তিদের কয়েকজন বলেছেন, কাজের ফাঁকে সময় পেলে তাঁরা জুয়া খেলেন। পুলিশ বা স্থানীয় ব্যক্তিরা জানলেও তাঁদের বাধা দিত না। কিন্তু গত বুধবার এসআই জুবায়দুল হক তাঁদের ধরে নিয়ে যান। এরপর বিভিন্ন মামলায় আসামি করার হুমকি দিয়ে তাঁদের কাছে মোটা অঙ্কের টাকা দাবি করেন। পরে ৪৫ হাজার টাকা দিয়ে তাঁরা ছাড়া পান।এসআই জুবায়দুল হক ১০ জন জুয়াড়িকে আটকের পর ছেড়ে দেওয়ার কথা স্বীকার করলেও টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করেন।