অর্থের ভাগ না দেওয়ায় যুবককে পিটিয়েছেন এক চেয়ারম্যান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের ভূজপুরে গত ১১ এপ্রিল তাণ্ডবের শিকার হতাহত ব্যক্তিদের প্রধানমন্ত্রী প্রদত্ত অর্থ থেকে ভাগ না দেওয়ায় এক যুবককে পিটিয়েছেন উপজেলার ধর্মপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান। আহত যুবক গত শনিবার ফটিকছড়ি থানায় চেয়ারম্যানসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন। অভিযোগ সূত্রে জানা যায়, ১১ এপ্রিল ভূজপুর তাণ্ডবের শিকার হন ধর্মপুর গ্রামের নুরুল আলমের ছেলে মো. রুবেল (২৫)। তাণ্ডবে তাঁর মোটরসাইকেলও পুড়িয়ে দেওয়া হয়।

গত ১৬ নভেম্বর গণভবনে প্রধানমন্ত্রী নিজ হাতে ২০২ হতাহত ব্যক্তির প্রত্যেককে এক লাখ টাকার চেক দেন। তাঁদের মধ্যে মো. রুবেলও ছিলেন। ১৮ নভেম্বর ধর্মপুর ইউপির চেয়ারম্যান কাজী মাহমুদুল হক রুবেলকে প্রধানমন্ত্রীর দেওয়া অর্থ থেকে ৫০ হাজার টাকা ভাগ দিতে বলেন। রুবেল অস্বীকৃতি জানালে তাঁকে প্রাণনাশের হুমকি দেন। ১২ ডিসেম্বর চেয়ারম্যান সহযোগী জিয়া, হান্নান, শাহাজাহান, আসলামকে সঙ্গে নিয়ে রুবেলকে তাঁর বাড়ি থেকে জোর করে ইউপি কার্যালয়ে নিয়ে পিটিয়ে আহত করেন। পরে তাঁকে চট্টগ্রামের একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়।

আহত রুবেল বলেন, ‘আমাকে পিটিয়ে চেয়ারম্যান ক্ষান্ত হননি, সেদিন রাতে আমার স্ত্রী লাভলী আকতারকে পুনরায় অর্থের ভাগ না দিলে শাসানোরও হুমকি দিয়ে আসেন। বিষয়টি আমি ঊর্ধ্বতন রাজনৈতিক ব্যক্তি ও ফটিকছড়ি থানায় লিখিতভাবে জানিয়েছি।’

চেয়ারম্যান কাজী মাহমুদুল হক টাকা ভাগের বিষয়টি অস্বীকার করে বলেন, ‘হতাহতের ঘটনায় রুবেল একই নামের দুটি চেক নিয়ে আত্মসাৎ করেন। একটি ফিরিয়ে না দেওয়ায় সংক্ষুব্ধ লোকজন তাঁকে পরিষদে নিয়ে আসে। সেখানে দু-একটি বেত্রাঘাত করেছি।’

রুবেল দুটি চেকের বিষয়টি চেয়ারম্যানের একটি ‘সাজানো নাটক’ বলে অভিহিত করেছেন। ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজান ভূঁইয়া জানান, পেটানোর ঘটনায় থানায় একটি অভিযোগ করা হয়েছে। তদন্ত করে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।