অর্থ-সংকটে থেমে আছে সেতুর কাজ, ঝুঁকি নিয়ে পারাপার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অর্থ-সংকটে পিরোজপুরের কাউখালীতে চিরাপাড়া খালের ওপর লোহার সেতুর নির্মাণকাজ প্রায় সাত মাস ধরে বন্ধ রয়েছে। সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো
অর্থ-সংকটে পিরোজপুরের কাউখালীতে চিরাপাড়া খালের ওপর লোহার সেতুর নির্মাণকাজ প্রায় সাত মাস ধরে বন্ধ রয়েছে। সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো

অর্থ-সংকটে পিরোজপুরের কাউখালী উপজেলার চিরাপাড়া খালের ওপর লোহার সেতুর নির্মাণকাজ প্রায় সাত মাস ধরে থেমে আছে। সেখানে বাঁশের সাঁকো তৈরি করে ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে তিন গ্রামের প্রায় ১০ হাজার মানুষ।
গত শনিবার সকালে সরেজমিনে দেখা যায়, চিড়াপাড়া খালের সুবিদপুর এলাকায় লোহার সেতুর খুঁটি স্থাপন করা রয়েছে। লোহার খুঁটির ওপর বাঁশের সরু সাঁকো তৈরি করা হয়েছে। ওই সাঁকোর ওপর দিয়ে ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে স্থানীয় লোকজন।
চিড়াপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ৫ নম্বর ওয়ার্ডের সদস্য ফণীভূষণ মিস্ত্রি বলেন, সেতুটি দিয়ে সুবিদপুর, পশ্চিম সুবিদপুর, কেশলতা গ্রামের ১০ হাজার মানুষ চলাচল করে। গ্রামগুলোতে শতাধিক পানের বরজ রয়েছে। প্রতিদিন পানচাষিরা সেতুটি দিয়ে পান নিয়ে হাটে যান। এ ছাড়া স্থানীয় একটি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের কয়েক শ শিক্ষার্থী প্রতিদিন ঝুঁকি নিয়ে ওই সেতু পারাপার হচ্ছে।
উত্তর নিলতী সমতট মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র সুদীপ্ত পাল বলে, বাঁশের সাঁকো দিয়ে সাবধানে তাদের চলাচল করতে হয়। সাঁকোর ধরনি উঁচু হওয়ায় শিশুরা তা ধরতে না পেরে ঝুঁকি নিয়ে পারাপার হয়।
চিড়াপাড়ার ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, গত জুন মাসে চিড়াপাড়া খালের সুবিদপুর গ্রামে লোহার সেতু নির্মাণকাজ শুরু করে ইউনিয়ন পরিষদ। একটি পুরোনো সেতুর মালামাল এনে সুবিদপুর এলাকায় লোহার খুঁটি স্থাপন করা হয়। এ বাবদ পরিষদের প্রায় দেড় লাখ টাকা ব্যয় হয়। এরপর অর্থ-সংকটে সেতুর নির্মাণকাজ বন্ধ হয়ে যায়। এখন দুই থেকে আড়াই লাখ টাকা হলে সেতুর নির্মাণকাজ শেষ করা সম্ভব।
সেতুটির নির্মাণকাজ শেষ না হওয়ায় মানুষের দুর্ভোগের কথা স্বীকার করে কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আহসান কবির শনিবার বেলা একটার দিকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, বার্ষিক উন্নয়ন বাজেটে পাওয়া অর্থ থেকে সেতুটির অসমাপ্ত কাজ শেষ করা হবে।