অর্ধকোটি টাকা নিয়ে উধাও এনজিও
নড়াইলে বেশি মুনাফার লোভ দেখিয়ে বনি ইসলামি কোম্পানি (বিআইসি) বাংলাদেশ নামের কথিত একটি প্রতিষ্ঠান হাজার খানেক গ্রাহকের অর্ধকোটি টাকা নিয়ে উধাও হয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। জেলা সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তারা প্রতিষ্ঠানটির ব্যাপারে কিছুই জানতেন না বলে জানান।ভুক্তভোগী গ্রাহকদের অভিযোগ, ২০০৭ সালের শেষ দিকে নড়াইল শহরের পুরাতন বাস টার্মিনাল এলাকায় বাড়িভাড়া করে বিআইসির কার্যক্রম শুরু হয়। ডিপিএস, ঋণ প্রদান ও স্থায়ী আমানত সংগ্রহসহ নানা নামে অধিক লাভের কথা বলে গ্রাহকদের কাছ থেকে টাকা জোগাড় করে তারা। সাড়ে চার বছরে ৬৩ লক্ষাধিক টাকা সংগৃহীত হয়। মাস তিনেক আগে থেকে প্রতিষ্ঠানটির কার্যালয়ে তালা ঝুলতে দেখে গ্রাহকেরা হতাশ হয়ে পড়েন।প্রতিষ্ঠানটির সামনের চায়ের দোকানদার সুকুমার দাস জানান, তাঁর একটি ডিপিএসে ১২ হাজার টাকা জমা হয়েছে। কিছুদিন ধরে তাঁরা কার্যালয়ে আসা বন্ধ করে দিয়েছেন। সরেজমিনে গিয়ে দেখা গেছে, কথিত প্রতিষ্ঠানটির কার্যালয়ের সাইন বোর্ডে লেখা আছে—সরকার অনুমোদিত, রেজিস্টার নম্বর: সি-৫৬৫। প্রধান কার্যালয় বি-১৭/১ তারামিয়া রোড, গেন্ডা, সাভার, ঢাকা। অথচ গ্রাহকদের পাসবইতে প্রধান কার্যালয়ের ঠিকানায় ৬২ নম্বর পূর্ব হাজীপাড়া, খিলগাঁও, রামপুরা, ঢাকা-১২১৯ উল্লেখ আছে। জেলা সমাজসেবা অধিদপ্তরের ১০০ গজের মধ্যেই বিআইসি দীর্ঘ দিন ধরে তাদের কার্যক্রম চালিয়ে আসছিল। বাড়ির মালিক আনু রানী শীল জানান, প্রায় সাড়ে চার বছর আগে তাঁর বাড়ির দুটি কক্ষ ভাড়া নিয়ে প্রতিষ্ঠানটির কার্যক্রম শুরু হয়। তিনি নিজেও ৫০০ টাকার একটি ডিপিএস করেছিলেন। এদিকে তাঁর পাঁচ মাসের বাড়িভাড়া বকেয়া আছে। প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের ফোন দিলে তাঁরা ফোন ধরেন না।আনু রানী আরও বলেন, ‘ওই অফিসের কর্মকর্তা আজম হোসেনের কাছে একদিন শুনিছিলাম, তাঁদের এক হাজারের বেশি গ্রাহক আছে। বিভিন্ন মানুষের কাছ থেকে প্রায় ৬৩ থেকে ৬৫ লাখ টাকা নিয়ে তাঁরা গা ঢাকা দিয়েছেন।’ভওয়াখালী গ্রামের ইলিয়াস হোসেন জানান, ওই প্রতিষ্ঠানের সদস্য সংখ্যা এক হাজারের বেশি। তিনিও একটি ডিপিএস করেছিলেন। কিন্তু তাঁদের কার্যক্রম নিয়ে সন্দেহ হলে তিনি টাকা জমা দেওয়া বন্ধ করে দেন। বিআইসির কর্মকর্তা আজম হোসেনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও সেটি বন্ধ পাওয়া গেছে। নড়াইল জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক খান মাহমুদ আলম প্রথম আলোকে বলেন, ‘বিআইসি অফিসের কার্যক্রম সম্পর্কে আমার কিছু জানা নেই। আপনার কাছেই প্রতিষ্ঠানটির নাম প্রথম শুনলাম।’