অর্ধকোটি টাকা ফেরত দিচ্ছে না, আমানত সংগ্রহচলছেই
রংপুরের বদরগঞ্জে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে কেএসডি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড নামের একটি সমিতির কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন।
কিন্তু সমিতির সভাপতি আবু সায়েদ ও পরিচালক আওয়ামী লীগের নেতা আবদুল মতিন আড়াই হাজার সদস্যের কাছ থেকে আমানত হিসেবে সংগ্রহ করা অর্ধকোটি টাকা ফেরত দিচ্ছেন না বলে অভিযোগ উঠেছে। এখন তাঁরা আরেকটি নতুন সংগঠনের নামে আমানত সংগ্রহ অব্যাহত রেখেছেন।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার কালুপাড়া ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের নিরক্ষর আবু সায়েদ ও লোহানীপাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবদুল মতিন ২০১১ সালে রংপুর জেলা সমবায় কার্যালয় থেকে কেএসডি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের নামে নিবন্ধন নেন। পরে জামানত নিয়ে কয়েকজন মাঠকর্মী নিয়োগ এবং উপজেলার মধ্যপাড়া ও ট্যাক্সেরহাটে সমিতির নামে দুটি কার্যালয় খোলেন।
মাঠকর্মীরা গ্রামগঞ্জে দল গঠন করে পাঁচ বছরে টাকা দ্বিগুণ করার কথা বলে সদস্যদের কাছ থেকে আমানত সংগ্রহ শুরু করেন। দলের সীমিতসংখ্যক সদস্যের মাঝে ছয় মাসে সুদাসল পরিশোধ করার অঙ্গীকারে ঋণও দেওয়া হয়।
নাম প্রকাশ না করার শর্তে সমিতির একাধিক মাঠকর্মী জানান, সমিতির প্রায় আড়াই হাজার সদস্য আছেন। তাঁদের কাছ থেকে অন্তত অর্ধকোটি টাকা আমানত সংগ্রহ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার ইসতিয়াক আহমেদ জানান, ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে স্থানীয় পত্রিকার প্রতিবেদন থেকে সমিতির অনিয়ম ও দুর্নীতি সম্পর্কে জানতে পেরে উপজেলা সমবায় কর্মকর্তাকে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়। তিনি তদন্ত করে সত্যতা পেয়েছেন। নিরীহ মানুষের আমানত নিয়ে নয়-ছয় করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এসডিও নামে নতুনভাবে কার্যক্রম চালানোর অভিযোগে আবু সায়েদকে নোটিশ দেওয়া হয়েছে। জবাব পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা সমবায় কর্মকর্তা হাসমত আলী জোয়ার্দ্দার বলেন, ‘আমার কাছ থেকে প্রতিবেদন পাওয়ার পর গত ১১ ফেব্রুয়ারি জেলা সমবায় কর্মকর্তা আবদুল ওয়াহেদ সরেজমিনে তদন্ত করেন। তিনি এসব অভিযোগের সত্যতা পেয়ে ওই সমিতির কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেন। এর পরই ওই সমিতির কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এখন তাঁরা যদি অন্য নামে সমিতি চালান, সেটি প্রশাসন দেখবে।’
আমরুলবাড়ি তুফানুপাড়া গ্রামের সদস্য আঞ্জুয়ারা বেগম, জেন্নাতুন নেছা, আয়েশা বেগম ও মমতা বেগম; কালুপাড়ার আরজিনা খাতুন, অহিদুল হক ও শওকত আলী অভিযোগ করেন, তাঁদের জমা রাখা টাকা ফেরত না দিয়ে এসডিও নামে নতুন পাসবই নিয়ে আবার টাকা জমা দিতে বলা হচ্ছে। নইলে টাকা ফেরত পাওয়া যাবে না বলে সমিতির লোকজন জানিয়েছেন।
সমিতির সভাপতি আবু সায়েদ বলেন, ‘এখানে প্রতারণার কিছু নেই। যাঁরা দুই বছর ধরে টাকা জমা দিচ্ছেন, তাঁরা কিস্তি চালু রাখলে পাঁচ বছর পর মেয়াদ শেষে তাঁদের দ্বিগুণ টাকা ফেরত দেওয়া হবে। কেএসডি মাল্টিপারপাসের কার্যক্রম বন্ধ করে দেওয়ায় এখন এসডিও নামে কার্যক্রম চালাচ্ছি।’ তবে তিনি এসডিওর বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেননি।
আওয়ামী লীগের নেতা আবদুল মতিন বলেন, ‘আবু সায়েদের বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। এ কারণে এখন আর আমি তাঁর সঙ্গে নেই।’