অর্ধকোটি টাকার আমানত নিয়ে কর্মকর্তারা লাপাত্তা
রাজধানীর অদূরে সাভারের তালবাগের ওকে প্লাজার ‘গোল্ডেন লাইফ ইনসিওরেন্স লিমিটেড’ নামে বিমা কোম্পানির কার্যালয়ে এখন তালা ঝুলছে। প্রায় অর্ধকোটি টাকা আমানত সংগ্রহ করে সপ্তাহ খানেক আগে ওই কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা সাভার থেকে অফিস গুটিয়ে গা-ঢাকা দেন বলে ভবনের মালিক নিশ্চিত করেছেন।অনুসন্ধানে জানা গেছে, একটি চক্র ‘গোল্ডেন লাইফ ইনসিওরেন্স লিমিটেড’ নামে তালবাগের ওকে প্লাজায় (১৪/৯ নম্বর বাসা) অফিস নিয়ে চাকরি ও মুনাফার লোভ দেখিয়ে আমানত সংগ্রহ শুরু করে। কর্মকর্তাদের কর্মকাণ্ডে সন্দেহের সৃষ্টি হলে শর্ত অনুযায়ী কমিশন ও বিমার টাকা ফেরতের দাবিতে গ্রাহকেরা গত ২৫ ফেব্রুয়ারি রাতে প্রতিষ্ঠানটির সাভার কার্যালয় ঘেরাও করেন। এরপর তাঁরা ওই কার্যালয়ের প্রধান কর্মকর্তা (সিএসইডি) মিজানুর রহমানকে আটক করে সাভার থানার পুলিশের কাছে সোপর্দ করেন। কিন্তু পরের দিন ২৬ ফেব্রুয়ারি রাতে পুলিশ ওই কর্মকর্তাকে ছেড়ে দেয়। এর কয়েক দিন পরই মিজানুর রহমানসহ অন্য কর্মকর্তারা অফিসে তালা ঝুলিয়ে পালিয়ে যান। প্রতিষ্ঠানটির প্রচারপত্রে দেওয়া প্রধান কার্যালয়ের ল্যান্ডফোন নম্বরে ফোন করেও ওই প্রতিষ্ঠানের কোনো অস্তিত্ব মেলেনি। ওকে প্লাজার মালিক হাসান আলী জানান, প্রায় প্রতিদিনই প্রতারিত গ্রাহকেরা তাঁদের আমানতের টাকার জন্য গোল্ডেন লাইফ ইনসিওরেন্স লিমিটেডের কার্যালয়ে এসে ভিড় করছেন।সাভার থানার পুলিশ ও গ্রাহকদের সঙ্গে আলাপ করে জানা গেছে, গোল্ডেন লাইফ ইনসিওরেন্স কোম্পানি সাভারে কাজ শুরু করে মাস পাঁচেক আগে। তিনজন গ্রাহক সংগ্রহ করে মাসে চার হাজার টাকা কমিশনের প্রলোভন দেখিয়ে এলাকার বেকার যুবক, গৃহিণী ও স্কুল-কলেজের শিক্ষার্থীদের আমানত সংগ্রহে আকৃষ্ট করা হয়। সর্বশেষ সাভার কার্যালয়ের গ্রাহকসংখ্যা ছিল প্রায় এক হাজার। প্রত্যেক গ্রাহকের কাছ থেকে আদায় করা হয় অন্তত পাঁচ হাজার টাকা। এই হিসাব অনুযায়ী, সংগ্রহকৃত আমানতের পরিমাণ দাঁড়ায় প্রায় অর্ধকোটি টাকা। সাভার পৌরসভার নামাবাজার এলাকার বাসিন্দা রুবেল হোসেন পাঁচ হাজার ২০০ টাকা দিয়ে গত ২৮ ডিসেম্বর গ্রাহক হন। তিনি গত আড়াই মাসে বেশ কয়েকজনকে গ্রাহক করেছেন। কিন্তু শর্ত অনুযায়ী তাঁকে কমিশন দেওয়া হয়নি। সাভারের দক্ষিণপাড়ার অজয় সরকার ৯০ জন গ্রাহকের কাছ থেকে তিন লাখ টাকা সংগ্রহ করে গোল্ডেন লাইফ ইনসিওরেন্স লিমিটেডের সাভার কার্যালয়ে জমা দেন। এর বিনিময়ে তিনি সামান্য কমিশন পেলেও কথামতো তাঁকে কোনো বেতন দেওয়া হয়নি। অজয় জানান, গ্রাহকেরা তাঁদের আমানতের টাকার জন্য এখন তাঁর ওপর চাপ সৃষ্টি করছেন। কিন্তু বর্তমানে সাভারে ওই প্রতিষ্ঠানের কোনো কার্যালয় না থাকায় তাঁর পক্ষে টাকা ফেরত দেওয়া সম্ভব হচ্ছে না। অভিযোগ প্রসঙ্গে প্রতিষ্ঠানটির সাভার কার্যালয়ের প্রধান কর্মকর্তা মিজানুর রহমান পুলিশ হেফাজতে থাকা অবস্থায় বলেছিলেন, নিয়মের মধ্যে থেকেই আমানত সংগ্রহ করা হচ্ছে। গ্রাহকদের প্রতারিত হওয়ার কোনো কারণ নেই। এরপরও ভুল বুঝে গ্রাহকেরা তাঁকে পুলিশে সোপর্দ করেছেন। কিন্তু অফিস গুটিয়ে ফেলার পর থেকে তাঁর মুঠোফোনটি বন্ধ থাকার কারণে পরবর্তী সময়ে তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।সাভার থানার উপপরিদর্শক আবুল হোসেন জানান, আমানতকারীদের মৌখিক অভিযোগের ভিত্তিতে মিজানুর রহমানকে আটক করা হয়েছিল। কিন্তু প্রতারিত গ্রাহকেরা লিখিত অভিযোগ না দেওয়ায় তাঁকে ছেড়ে দেওয়া হয়।