কুমিল্লা বক্ষব্যাধি ক্লিনিকের বারান্দায় আড়াই বছর ধরে একটি ডিজিটাল এক্স-রে যন্ত্র পড়ে আছে। এটি চালু না হওয়ায় জেলার একমাত্র বিশেষায়িত সরকারি এ ক্লিনিকে রোগীরা কাঙ্ক্ষিত সেবা পাচ্ছে না। বাড়তি টাকা খরচ করে বাইরে থেকে এক্স-রে করাতে হচ্ছে তাদের। চিকিৎসকদের অভিযোগ, কুমিল্লা গণপূর্ত বিভাগ এক্স-রে যন্ত্র রাখার কক্ষটি সংস্কার না করায় যন্ত্রটি বারান্দায় পড়ে আছে। অবশ্য গণপূর্ত কর্তৃপক্ষ শিগগির ক্লিনিক ভবনের সংস্কারকাজ শুরুর আশ্বাস দিয়েছে।ক্লিনিক সূত্রে জানা গেছে, ১৯৬৬ সালে এটি প্রতিষ্ঠিত হয়। নগরের বাদুরতলা এলাকার ধর্মসাগরপাড় সংলগ্ন ওই ক্লিনিকে প্রতিদিন গড়ে শ খানেক রোগী চিকিৎসা নিতে আসে। পুরোনো এক্স-রে যন্ত্রটি বছর পাঁচেক আগে নষ্ট হয়ে যায়। ২০০৯ সালের ১৮ অক্টোবর প্রায় অর্ধকোটি টাকা খরচ করে ডিজিটাল এক্স-রে যন্ত্রটি কেনা হয়। শুরুতেই যন্ত্রটি ক্লিনিকের বারান্দায় রাখা হয়। জরাজীর্ণ ভবন সংস্কারের পর যন্ত্রটি একটি কক্ষে স্থাপনের কথা ছিল।সম্প্রতি সরেজমিনে দেখা যায়, পুরোনো ক্লিনিক ভবনটির ছাদের পলেস্তারা খসে পড়ছে। একটি কক্ষে ৩০০ এমএ পুরোনো এক্স-রে যন্ত্রটি অকেজো হয়ে পড়ে আছে। সেটিও সরানো হচ্ছে না। ক্লিনিকে আসা রোগী ফজলুল হক, আনোয়ারা বেগম ও কফিল উদ্দিন বলেন, ‘এটা নামেই সরকারি ক্লিনিক। সবকিছু বাইরে থেকে করতে হয়। এতে আমাদের খরচ বেড়ে যায়।’ ক্লিনিক সূত্র ও রোগীদের সঙ্গে কথা বলে জানা যায়, ক্লিনিকে এক্স-রে করার ব্যবস্থা থাকলে নামমাত্র ফি দিয়ে পরীক্ষা করা যায়। সেটি না থাকায় বাইরে থেকে রোগীদের প্রায় ৫০০ টাকা দিয়ে পরীক্ষা করতে হয়। বাদুরতলা এলাকার আশপাশের ক্লিনিকগুলো এখানে আসা রোগীদের এক্স-রে পরীক্ষা করে থাকে। জেলা সিভিল সার্জন আবুল কালাম সিদ্দিক বলেন, ‘এক্স-রে যন্ত্রটি বসানোর জন্য গণপূর্ত বিভাগকে একাধিকবার চিঠি দেওয়া হয়েছে। তারা কোনো সাড়া দেয়নি।’ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী জাকির হোসেন বলেন, ‘শিগগির ওই ভবনের সংস্কারকাজ শুরু হবে। এ সম্পর্কিত প্রস্তাব ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।’ক্লিনিকের কনসালটেন্ট ইমাম উদ্দিন আহম্মদ প্রথম আলোকে বলেন, ‘প্রতিদিন এই ক্লিনিকের বহির্বিভাগে কফ পরীক্ষার জন্য বহু রোগী আসে। এক্স-রের জন্য বাধ্য হয়ে তাদের বাইরে যেতে হয়। গণপূর্ত বিভাগ কক্ষটি সংস্কার না করায় যন্ত্রটি বসানো যাচ্ছে না।’