অর্ধকোটি মানুষ বন্যার কবলে এক-তৃতীয়াংশ বাঁধ ক্ষতিগ্রস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রায় অর্ধকোটি মানুষ বন্যাকবলিত হয়ে পেড়েছে। আর বন্যার কারণে দেশের এক-তৃতীয়াংশ বাঁধ ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যায় মৃতের সংখ্যা ৩৯ থেকে বেড়ে ৬১ জনে দাঁড়িয়েছে। গতকাল বৃহস্পতিবার পানিসম্পদ মন্ত্রণালয় এবং ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

এদিকে গতকাল থেকে বন্যার পানি রাজধানীর দোরগোড়ায়, অর্থাৎ আশপাশের জেলাগুলোর নিম্নাঞ্চল প্লাবিত হতে শুরু করেছে।

গতকাল জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভায় সরকারদলীয় সাংসদেরা অভিযোগ তুলেছেন, বন্যার আগে, অর্থাৎ গত নভেম্বর-ডিসেম্বরে সারা দেশের বন্যানিয়ন্ত্রণ বাঁধগুলো সঠিকভাবে মেরামত করা হয়নি। এ কারণে বন্যায় একের পর এক বাঁধগুলোতে ভাঙন দেখা দিচ্ছে এবং ক্ষতিগ্রস্ত হচ্ছে। বাঁধের ওপরে অবৈধ বাড়িঘর ও স্থাপনাকেও এই ক্ষয়ক্ষতির জন্য দায়ী করেছে স্থায়ী কমিটি।

স্থায়ী কমিটির কাছে পানিসম্পদ মন্ত্রণালয় থেকে দেওয়া তথ্য অনুযায়ী, সারা দেশে বাঁধের পরিমাণ ১ হাজার ৯০০ কিলোমিটার। এর মধ্যে ৬০০ কিলোমিটারের চেয়ে বেশি বাঁধ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। সংসদীয় স্থায়ী কমিটির পক্ষ থেকে মন্ত্রণালয়কে আগামী এক সপ্তাহের মধ্যে বাঁধের ওপরে বসতি ও স্থাপনাগুলো চিহ্নিত করে প্রতিবেদন জমা দিতে সুপারিশ করা হয়েছে।

এ ব্যাপারে পানিসম্পদ মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক পানিসম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন প্রথম আলোকে বলেন, সময়মতো মেরামত না করায় হাওরের বেড়িবাঁধগুলো অসময়ে ভেঙে গেছে।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে আশঙ্কা করা হচ্ছে, আগামী রোববারের মধ্যে রাজধানীর নিম্নাঞ্চলে বন্যার পানি প্রবেশ করতে পারে। রাজধানীর আশপাশের জেলাগুলো মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ ও টাঙ্গাইলের নিম্নাঞ্চলে ইতিমধ্যে বন্যার পানি প্রবেশ করেছে। দু-তিন দিনের মধ্যে সেখানে বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে। ঢাকার পূর্বাঞ্চলে পানি প্রবেশ করতে পারে।

এ বিষয়ে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাদের চিঠি দেওয়া হয়েছে। বন্যার প্রস্তুতি নিতে দেশের মধ্য ও মধ্য-দক্ষিণাঞ্চলের আট জেলার প্রশাসনকে চিঠি দিয়ে সতর্ক থাকার জন্য বলেছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। পরিস্থিতি মোকাবিলায় ত্রাণসামগ্রী প্রস্তুত রাখার জন্য বলা হয়েছে।

এ ব্যাপারে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রিয়াজ আহমেদ প্রথম আলোকে বলেন, ইতিমধ্যে ঢাকা ও এর আশপাশের প্রতিটি জেলায় বন্যা মোকাবিলায় ১০০ টন করে চাল ও ২ থেকে ৩ লাখ করে টাকা দেওয়া হয়েছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের হিসাব অনুযায়ী, বাংলাদেশের উজানে ভারতীয় অংশে ব্রহ্মপুত্র ও মেঘনার পানি নিয়মিত কমছে। আর গঙ্গা-পদ্মা অববাহিকার পানি বাড়ছে। তাই দেশের মধ্য ও মধ্য-দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে বন্যা ছড়িয়ে পড়তে পারে।

এ ব্যাপারে বন্যা পূর্বাভাস কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সাজ্জাদ হোসেন প্রথম আলোকে বলেন, বাংলাদেশ ও উজানের দেশ ভারতে বৃষ্টিপাতের পরিমাণ কমে আসছে। এই অবস্থা বলবৎ থাকলে পানি কমে আসতে পারে।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের গতকালের হিসাব অনুযায়ী, চলতি আগস্ট মাসের বন্যায় ৪৮ লাখ ৩১ হাজার মানুষ আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত ৯৫৪টি আশ্রয়কেন্দ্রে ৫ লাখ ৮৭ হাজার মানুষ আশ্রয় নিয়েছে। আহত ও নিখোঁজ রয়েছে ১৫ জন।

আন্তর্জাতিক সংস্থা সেভ দ্য চিলড্রেনের পর্যবেক্ষণ অনুযায়ী, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ৬ লাখই হচ্ছে শিশু। এই শিশুদের রক্ষায় আলাদা গুরুত্ব দেওয়ার জন্য সংস্থাটি সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়েছে।