অর্ধদিবস হরতাল পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়া ও আশুগঞ্জ অঞ্চলকে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি থেকে আলাদা করে বাখরাবাদ গ্যাস সিস্টেম কোম্পানি লিমিটেডে স্থানান্তরিত করার প্রক্রিয়ার প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়ায় অর্ধদিবস হরতাল পালিত হয়েছে। সকাল ছয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ হরতালের ডাক দেয় জেলা নাগরিক কমিটি।হরতালের সমর্থনে জেলা নাগরিক কমিটি সকালে ব্রাহ্মণবাড়িয়া শহরে বিক্ষোভ মিছিল করে। এ সময় শহরের বেশির ভাগ দোকানপাট বন্ধ ছিল। দূরপাল্লার যান চলাচল বন্ধ থাকলেও শহরে কিছু রিকশা ও অটোরিকশা চলতে দেখা গেছে। শহরের কুমারশীলের মোড়, কালীবাড়ি মোড়, টিএ রোড, মেড্ডা বাসস্ট্যান্ড, পুরাতন আদালত ভবনসহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশ মোতায়েন ছিল।নাগরিক কমিটির সভাপতি প্রবীণ আইনজীবী আবদুস সামাদের নেতৃত্বে দুই শতাধিক লোক সকাল ১০টা থেকে এক ঘণ্টা ঢাকা-সিলেট ও কুমিল্লা-সিলেট মহাসড়কের সরাইল বিশ্বরোড মোড় ও কুট্টাপাড়া মোড় অবরোধ করে রাখে। এ সময় মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ থাকে।পরে সরাইল বিশ্বরোড মোড় চত্বরে আবদুস সামাদের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন সাধারণ সম্পাদক মো. ফজলুর করিম, মুক্তিযোদ্ধা আবু হুরায়রা, সিপিবির সরাইল উপজেলা শাখার সাধারণ সম্পাদক শরিফ আহমেদ, জেলা শ্রমিক নেতা মো. কাওছার চৌধুরী প্রমুখ।