অর্ধনির্মিত মার্কেটের অংশ দখল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরপুর ১১ নম্বর সেকশনে অর্ধনির্মিত অবস্থায় পড়ে থাকা নিউ ঢাকা উত্তর সিটি করপোরেশন মার্কেটের বিভিন্ন অংশ দখল হয়ে যাচ্ছে। মার্কেটের নিচতলায় গড়ে উঠেছে রিকশার গ্যারেজ, রাজনৈতিক দলের কার্যালয়, দোকানপাট। মার্কেটটির নির্মাণকাজ প্রায় ২০ বছর পরেও শেষ হয়নি।

সিটি করপোরেশন সূত্রে জানা যায়, ১৯৯৬ সালে মিরপুর ১১ নম্বর সেকশনে নিউ ঢাকা সিটি করপোরেশন মার্কেটের নির্মাণকাজ শুরু হয়েছিল। নকশা অনুযায়ী ছয়তলা ভবন নির্মিত হওয়ার কথা। কিন্তু সিটি করপোরেশন মার্কেটের সম্পূর্ণ জায়গা দখলে নিতে না পারায় ওই অংশ বাদ রেখে এবং কোনো সীমানাপ্রাচীর না তুলেই মার্কেটের নির্মাণকাজ শুরু করে। একতলা পর্যন্ত হওয়ার পরে ১৯৯৮ সালে একবার ভবনের নির্মাণকাজ বন্ধ হয়। ২০০৫ সালে আবার মার্কেটের নির্মাণকাজ শুরু হয়। তখন ছয়তলা ভবনের কাঠামো নির্মিত হয়। কিন্তু চারপাশের দেয়াল নির্মাণ এবং আনুষঙ্গিক কাজ বাদ রেখেই ২০০৭ সালে আবার নির্মাণকাজ বন্ধ করে দেয় সিটি করপোরেশন। দুবারই ঠিকাদারদের সঙ্গে সিটি করপোরেশনের সমস্যার কারণে কাজ বন্ধ হয়ে যায়।

প্রায় নয় বছর ধরে মার্কেট ভবনটি সেভাবেই ফেলে রাখা হয়েছে। ২০১১ সালে সিটি করপোরেশন বিভক্ত হলে এর নামকরণ করা হয় ‘নিউ ঢাকা উত্তর সিটি করপোরেশন মার্কেট’। ২০১৫ সালের শেষের দিকে ডিএনসিসি মার্কেটের চারপাশে সীমানা দেয়াল তোলার কাজ শুরু করে।

গতকাল শনিবার সরেজমিনে দেখা যায়, মার্কেটের সীমানা দেয়াল তোলার কাজ শেষ হয়েছে। সীমানা দেয়ালের ভেতরে গড়ে উঠেছে ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের একটি ইউনিটের কার্যালয় এবং ছিন্নমূল হকার্স লীগের পল্লবী ইউনিটের কার্যালয়। কার্যালয়ের ভেতরে লোকজন ক্যারম বোর্ড খেলছেন। আওয়ামী লীগের কার্যালয়ের পাশে বানানো হয়েছে দুটি দোকান। কার্যালয়ের ভেতরে বাঁশের বেড়া দিয়ে দোকান দুটি আলাদা করা হয়েছে।

মার্কেট ভবনের নিচতলায় গড়ে উঠেছে রিকশার গ্যারেজ। টিনের বেড়া দিয়ে ঘরের মতো বানিয়ে লোকজন থাকছেন। মার্কেটের সীমানার ভেতরে সামনের অংশে ডিএনসিসির ময়লা ফেলার ঘর বানানোর কাজ অসমাপ্ত পড়ে আছে। সীমানা দেয়ালের ভেতরে এলাকার সব ময়লা ফেলা হচ্ছে। আর মার্কেটের জায়গাটির সামনের দিকের একটি অংশে আটকা পড়া পাকিস্তানি কিছু পরিবারের বসবাস।

সিটি করপোরেশনের এ মার্কেটে মিরপুর ১১ নম্বর সেকশনের অস্থায়ী নিউ সোসাইটি মার্কেটের দোকানদারদের স্থায়ীভাবে পুনর্বাসন করার কথা। নিউ সোসাইটি মার্কেটের দোকানদারের দুটি সমিতির মাধ্যমে দোকান বরাদ্দের জন্য সিটি করপোরেশনের কাছে আবেদন করা হয়। নিউ সোসাইটি মার্কেট সমিতির একজন সদস্য বলেন, যাঁরা টাকা দিয়েছেন, তাঁদের অনেকেই মারা গেছেন। অনেক দোকানি ধার-কর্জ করে টাকা দিয়েছেন, তাঁরা বিপদে আছেন। এখন সবার মনে প্রশ্ন—আদৌ মার্কেট হবে কি না?

মার্কেটে মোট দোকানের সংখ্যা ২ হাজার ৩৬৩। ডিএনসিসির রাজস্ব বিভাগের হিসাব অনুযায়ী, মার্কেটে দোকান বরাদ্দ পাওয়া ব্যক্তিদের কাছ থেকে সিটি করপোরেশন মোট ১৩ কোটি ৮৬ লাখ ৩০ হাজার টাকা সালামি আদায় করেছে। এর মধ্যে অবিভক্ত সিটি করপোরেশন আদায় করেছিল ১২ কোটি ৩২ লাখ ৮০ হাজার টাকা আর ডিএনসিসি আদায় করেছে ১ কোটি ৫৩ লাখ ৫০ হাজার টাকা। দোকান বরাদ্দ পাওয়ার জন্য টাকা দেওয়া ১১ নম্বর সেকশন মার্কেট ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক এম এ মালেক বলেন, সিটি করপোরেশন শুধু চিঠিপত্র আদান-প্রদানের কথা বলে। এদিকে মার্কেটের বাইরের জায়গা ও নিচতলা দখল হয়ে গেছে। কিছু অংশে আটকা পড়া পাকিস্তানিরা থাকে, তাদের পুনর্বাসনের জন্য কিছু তো করা হচ্ছে না।

তবে ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সাঈদ আনোয়ারুল ইসলাম প্রথম আলোকে বলেন, মার্কেটের পুরো জায়গা দখলমুক্ত করা সম্ভব না হওয়া এবং এ বিষয়ে আইনি জটিলতার কারণে দীর্ঘদিন ধরে নির্মাণকাজ শেষ হচ্ছে না। মেয়র আনিসুল হক ইতিমধ্যে একাধিকবার মার্কেট এলাকা পরিদর্শন করেছেন। খুব শিগগির মার্কেটের নির্মাণকাজ পুনরায় শুরু করা হবে।