অর্ধশত এসএসসি পরীক্ষার্থী অংশ নিতে পারেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জে একটি কোচিং সেন্টারের বিলি করা ভুল রুটিন অনুসরণ করে পরীক্ষায় অংশ নিতে পারেনি প্রায় অর্ধশত এসএসসি পরীক্ষার্থী। গতকাল রোববার নির্ধারিত গার্হস্থ্য অর্থনীতি পরীক্ষায় এ সমস্যা হয়। এ বিষয়ে বঞ্চিত পরীক্ষার্থীরা জেলা প্রশাসক বরাবর অভিযোগ করেছে।হবিগঞ্জের জেলা প্রশাসক মাহমুদ হাসান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্ত এস টি ট্রেনিং ইনস্টিটিউটের বিরুদ্ধে আনা অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।হবিগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয় সূত্রে জানা গেছে, এসএসসি পরীক্ষার রুটিন অনুযায়ী গতকাল রোববার সকালে গার্হস্থ্য অর্থনীতি (তত্ত্বীয়) বিষয়ের ওপর পরীক্ষা ছিল। ওই দিন বেলা দুইটার আগে একদল পরীক্ষার্থী অংশ নিতে হবিগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয়ে পরীক্ষা কেন্দ্রে আসে। সেখানে গিয়ে তারা জানে, সকালেই তাদের পরীক্ষা শেষ হয়েছে। পরে পরীক্ষার্থীরা তাদের সঙ্গে রাখা রুটিন পুনরায় মিলিয়ে দেখে, পরীক্ষা বেলা দুইটা থেকে শুরু হবে। এ নিয়ে তারা দ্বিধাদ্বন্দ্বে পড়ে। পরে পরীক্ষার্থীরা কেন্দ্রপ্রধান ও হবিগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষকের সঙ্গে দেখা করলে তিনি তাদের সংগ্রহ করা রুটিন দেখে হতবাক হন। এস টি ট্রেনিং ইনস্টিটিউট নামের একটি কোচিং সেন্টারের নামে বিলি করা এ রুটিনেই ছিল ভুল। গার্হস্থ্য অর্থনীতি পরীক্ষার সময়সূচির সকালের স্থলে লেখা হয় বিকেল দুইটা থেকে পাঁচটা। এ রুটিন কোথায় পেল তারা—প্রধান শিক্ষকের প্রশ্নের উত্তরে শিক্ষার্থীরা জানায়, হবিগঞ্জ এস টি ট্রেনিং ইনস্টিটিউট নামের একটি কোচিং সেন্টারের লোকজন স্কুলে স্কুলে গিয়ে এ রুটিন বিলি করে পরীক্ষার আগে।পরীক্ষা অংশ নিতে না পারা অপর এসএসসি পরীক্ষার্থী ও হবিগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয়ের ছাত্রী সাফায়াত সুলতানা বলে, রুটিনের ভুলের কারণে সে ও তার অপর প্রায় ৫০ জন সহপাঠী অংশ নিতে পারেনি।হবিগঞ্জ জে কে অ্যান্ড হাইস্কুলের পরীক্ষার্থী ফারহানা আক্তার বলে, ‘পত্রিকায় দেওয়া রুটিন আমি পাইনি। যে কারণে হাতের কাছে পাওয়া এ রুটিন অনুসরণ করে ভুল করেছি।’ এ বিষয়ে হবিগঞ্জ এস টি ট্রেনিং ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক মো. শরীফ উদ্দিন বলেন, ‘রুটিনে ভুল ছিল সত্য। যে কারণে আমরা পুনরায় এ রুটিন ছাপাই। প্রথম দিকে যে পরীক্ষার্থীরা ভুল রুটিন পায়, তাদের ক্ষেত্রে এ সমস্যা হয়েছে।’ এ ধরনের রুটিন বিলি করার আইনগত অধিকার তাঁর প্রতিষ্ঠানের আছে কি না, এমন প্রশ্নের উত্তরে তিনি স্বীকার করেন, এ অধিকার তাঁদের নেই।