
বনের গাছ ও সম্পদ রক্ষায় আইন করে বনের ১০ কিলোমিটারের মধ্যে করাতকল স্থাপন নিষিদ্ধ করেছে সরকার। কিন্তু সেই আইন লঙ্ঘন করে টাঙ্গাইলে সখীপুর বন বিভাগের তিনটি রেঞ্জে ৫০টি করাতকল স্থাপন করা হয়েছে। এর মধ্যে কয়েকটি করাতকল বন কর্মকর্তাদের কার্যালয়ের কাছে স্থাপন করা হয়েছে।
স্থানীয় লোকজন জানিয়েছেন, ওই সব অবৈধ করাতকলে দিনরাত চেরানো হচ্ছে শাল ও গজারি গাছ। ফলে উজাড় হচ্ছে বন, ধ্বংস হচ্ছে প্রকৃতি ও পরিবেশ। এতে আবাসস্থল কমে যাওয়ায় বিলুপ্ত হতে চলেছে বিভিন্ন প্রজাতির বন্য প্রাণী। এসব অবৈধ করাতকল উচ্ছেদের দাবি জানিয়ে টাঙ্গাইল বিভাগীয় বন কর্মকর্তার (ডিএফও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন সখীপুর পৌরসভা করাতকল মালিক সমিতির নেতারা।
পৌরসভার করাতকল মালিকদের অভিযোগ, স্থানীয় বন কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশে স্থানীয় লোকজন বনাঞ্চলে গড়ে তুলেছেন ওই সব করাতকল।
সখীপুর করাতকল মালিক সমিতির সভাপতি জিন্নত আলী বলেন, সখীপুর পৌরসভায় বৈধ ৩৫টি করাতকল আছে। কিন্তু অবৈধ করাতকলগুলোর কারণে তাঁদের কলগুলো ভালোভাবে চলছে না।
টাঙ্গাইল বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মাসুদ রানা গতকাল শনিবার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, সংশোধিত বন আইনেও সংরক্ষিত বনাঞ্চলের ১০ কিলোমিটারের মধ্যে করাতকল স্থাপন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। শিগগিরই ওই সব অবৈধ করাতকল উচ্ছেদে টাস্কফোর্স (ম্যাজিস্ট্রেট, পুলিশ ও বন বিভাগ সমন্বিত) গঠন করে উচ্ছেদ অভিযান চালানো হবে।
বন বিভাগের তালিকা ও করাতকল মালিক সমিতির সূত্রে জানা যায়, ৫০টি অবৈধ করাতকলের (লাইসেন্সবিহীন) মধ্যে বহেড়াতৈল রেঞ্জে ২৬টি, হাতিয়ায় ১৭টি ও বাঁশতৈল রেঞ্জে ৭টি।
সরেজমিনে দেখা যায়, হাতিয়া রেঞ্জ কার্যালয়ের ২০০-৪০০ গজের মধ্যে শাহীন আল মামুন, দেলোয়ার হোসেন, আবুবকর ও আবু সাঈদের চারটি করাতকল, কালিদাস বিট কর্মকর্তার কার্যালয় থেকে ১০০ গজের মধ্যে মকবুল হোসেন ও আবদুর রাজ্জাক যৌথ মালিকানায় একটি এবং ফরিদ হোসেন আরেকটি করাতকল স্থাপন করেছেন। এ ছাড়া কালিদাস বিটের ধুমখালী এলাকায় সামাজিক বনায়ন ঘেঁষে আবদুস সবুর চালাচ্ছেন আরেকটি করাতকল। একই বিটের করটিয়াপাড়া চতলবাইদ গ্রামে নঈম উদ্দিনের একটি, মিন্টু মিয়ার একটি ও মজনু মিয়ার বন ঘেঁষা তিনটি করাতকল আছে।গত ২৯ মে বহেড়াতৈল রেঞ্জের কাঁকড়াজান বিট কার্যালয়ে গিয়ে দেখা যায়, ওই বিটের খুবই কাছে পশ্চিম পাশে জয়নাল আবেদিনের ও উত্তর পাশে নূর জামাল করাতকল স্থাপন করেছেন। ওই দুই করাতকলেই গজারি ও আকাশমণি গাছের অনেক গুঁড়ি দেখা যায়।
বন কার্যালয়ের পাশে করাতকল কীভাবে চলছে, জানতে চাইলে বহেড়াতৈল রেঞ্জের দায়িত্বে থাকা আলাল উদ্দিন করাতকল মালিকদের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, এ মাসের শুরুতেই ওই সব করাতকল উচ্ছেদ করার লক্ষ্যে অভিযান চালানো হবে।
সখীপুর পৌরসভার বৈধ করাতকল মালিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল মালেক বিভাগীয় বন কর্মকর্তার কাছে অবৈধ করাতকল উচ্ছেদের দাবি জানিয়ে অভিযোগ দেওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, অবৈধ করাতকলগুলো স্থানীয় বন বিভাগের লোকজনকে ম্যানেজ করে সরকারি বনের গাছ চেরাই করছে।
খোঁজ নিয়ে জানা যায়, প্রতিটি করাতকল মালিকের নাম জানা গেলেও বৈধ কাগজপত্র ও লাইসেন্স না থাকায় কোন করাতকলের প্রকৃত মালিক কে, তা কেউ স্বীকার করতে চান না। তবে অবৈধ করাতকল মালিকদের নিয়ে উপজেলায় একটি সমিতিও রয়েছে। উপজেলার গড়বাড়ি গ্রামে সামাজিক বনের পাশে স্থাপিত করাতকলের মালিক আবুল কাশেম সভাপতি ও উপজেলার সাপিয়াচালা গ্রামে স্থাপিত করাতকলের মালিক কামরুল ইসলাম সাধারণ সম্পাদক পদে রয়েছেন।
অবৈধ করাতকল মালিক সমিতির সভাপতি বৈধ করাতকল মালিকদের অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমরা কোনো অবৈধ কাঠ চেরাই করি না। আমরা শুধু সরকারের কাছ থেকে নিলামে কেনা গাছগুলো চেরাই করে থাকি।’
নাম প্রকাশ না করার শর্তে একজন করাতকল মালিক বলেন, একটি অবৈধ করাতকলে প্রতিদিন গড়ে ৬০ ঘনফুট অবৈধ কাঠ চেরাই হয়। মাসে চার শুক্রবার বন্ধ থাকে। সেই হিসাবে সখীপুরে প্রতি মাসে গড়ে ওই ৫০টি করাতকলে অবৈধভাবে ৭৫ হাজার ঘনফুট কাঠ চেরাই হচ্ছে।