অর্ধশত দোকান ও ২৫ ঘর পুড়ে ছাই
কিশোরগঞ্জ শহর ও ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় গত রোববার রাতে আধা ঘণ্টার ব্যবধানে দুটি বাজারের অর্ধশত দোকান পুড়ে গেছে। এতে প্রায় ছয় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি। তাঁদের ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছে। একই দিন বেলা দুইটায় মাগুরার মহম্মদপুর ও দিবাগত রাত একটায় নাটোরের বড়াইগ্রাম উপজেলার দুটি গ্রামে রান্নাঘর থেকে আগুন লেগে ২৫টি ঘর পুড়ে গেছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
কিশোরগঞ্জ: প্রধান ব্যবসায়ী এলাকা বড় বাজারের ব্যবসায়ী ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাত ১০টার দিকে বাজারের টিনপট্টির মতিউর রহমানের ছাতার দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। আটটি ব্যবসাপ্রতিষ্ঠানের চার কোটি টাকারও বেশি মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
কসবা (ব্রাহ্মণবাড়িয়া): কসবার মুলগ্রাম ইউনিয়নের চারগাছ বাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, রোববার রাত সাড়ে ১০টার দিকে চারগাছ বাজারের হানিফ মিয়ার মিষ্টির দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। একে একে ছোট-বড় ৪১টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
মাগুরা: মহমঞ্চদপুর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের বেথড়ী গ্রামে রোববার বেলা আড়াইটার দিকে রুকমান শেখের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত। মুহূর্তে আগুন আশপাশের বাড়িতে ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এরই মধ্যে আটটি পরিবারের ছোট-বড় ২০টি ঘর ভস্মীভূত হয়। আগুনে দরিদ্র পরিবারগুলোর ঘরের বিছানাপত্র থেকে শুরু করে আসবাবপত্র, চাল-ডালসহ সবকিছু পুড়ে গেছে। ক্ষতি হয়েছে কমপক্ষে ১৫ লাখ টাকার মালামাল। অগ্নিকাণ্ডের পর পরিবারগুলো খোলা আকাশের নিচে বসবাস করছেন।
নাটোর: বড়াইগ্রামের চান্দাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান জানান, রোববার দিবাগত রাত একটার দিকে ইউনিয়নের সাতইল গ্রামের শাহাবুদ্দিনের রান্নার চুলা থেকে তাঁর পাটখড়ির গাদায় আগুন লাগে। সেখান থেকে আগুন দ্রুত আশপাশের বসতঘরে ছড়িয়ে পড়ে। এতে প্রতিবেশীদের সাতটি বাড়ির ১৭টি ঘর, দুটি গরু, ২০টি ছাগল ও হাঁস-মুরগিসহ সব মালামাল পুড়ে যায়।