অর্ধশত বছর পেরিয়েও সক্রিয় রাজশাহী সাংস্কৃতিক সংঘ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শহরের ঘোড়ামারা এলাকায় অবস্থিত রাজশাহী সাংস্কৃতিক সংঘ
শহরের ঘোড়ামারা এলাকায় অবস্থিত রাজশাহী সাংস্কৃতিক সংঘ

রাজশাহী সাংস্কৃতিক সংঘের যাত্রা শুরু হয়েছিল নাটক দিয়ে। এত জনপ্রিয় ছিল তাদের প্রযোজনা যে, একসময় দর্শনীর টিকিট কালোবাজারিতেও (ব্ল্যাক) বিক্রি হয়েছে। ৫০ বছর পরও নিয়মিত নাটক প্রযোজনা করে সংগঠনটি। দর্শকও কম হয় না। রাজশাহী নগরের ঘোড়ামারা এলাকায় অবস্থিত ‘পদ্মা মঞ্চ’ এদের নির্দিষ্ট ঠিকানা। দেশের অনেক বরেণ্য অভিনয়শিল্পী উঠে গেছেন এই সংগঠনের হাত ধরে।
১৯৬৫ সালে এই সংগঠনের যাত্রা শুরু। এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আমানুল্লাহ রাজশাহীর তৎকালীন নাট্যসংগঠন—ঘোড়ামারা ড্রামাটিক ক্লাব, খেয়ালী, নাট্যচক্র, সোফাসহ বিভিন্ন সংগঠনের প্রথিতযশা নাট্যশিল্পীদের নিয়ে এই সংগঠন দাঁড় করিয়েছিলেন। সে সময়ের নামকরা নাট্যাচার্য্য অনিল বন্ধু রায় (নাড়ু বাবু), স্বর্গীয় নিপু লাহিড়ী, প্রয়াত মাস্টার তফাজ্জল হোসেনসহ গুণী ব্যক্তিদের সুনিপুণ নির্দেশনা ও পরিচর্যায় প্রতিষ্ঠা পেয়েছে এই সংঘের যাবতীয় নান্দনিক কার্যক্রম।
বর্তমানে সংগঠনের সদস্যসংখ্যা ১২৫। নিয়মিত ৮০ জন। মাসিক চাঁদা ১০ টাকা। সবাই নিয়মিত পরিশোধ করেন। সংগঠনের রয়েছে গৌরবময় ঐতিহ্য। ১৯৭৪ সালে তখনকার ত্রাণ ও পুনর্বাসনমন্ত্রী এ এইচ এম কামারুজ্জামান ‘পদ্মা মঞ্চ’ নামে একটি মঞ্চ উদ্বোধন করেন। সেই থেকে একনামে সারা দেশে এটি পরিচিত।
১৯৭০ সালে ‘প্রবাহ’ ও ‘পাকিস্তান আর্ট কাউন্সিল’-এর আয়োজনে রাজশাহী সাংস্কৃতিক সংঘের শিল্পীরা নাট্যকার মোসলেম উদ্দিনের মালা এবং আনোয়ারুল ইসলামের ঘূর্ণিঝড় নাটক নিয়ে ঢাকায় গিয়েছিলেন। মালা নাটকে শিল্পী আব্দুর রশিদ ও অপর্ণা এবং ঘূর্ণিঝড় নাটকে প্রতিমা রায় পুতুল পেয়েছিলেন স্বর্ণপদক। পরবর্তী সময়ে ইন্টারভিউ নাটকের শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে এই সংঘের শিল্পী আমিরুজ্জামান স্বর্ণপদক পান। আব্দুর রশিদ বলেন, ওই দুটি নাটক ছাড়াও এই নাট্যদলের সুবচন নির্বাসনে, চারিদিকে যুদ্ধ, হে ঈশ্বর ঘুম দাও নাটক দেশের নাট্যাঙ্গনে প্রশংসা কুড়িয়েছে।
১৯৭৩ সাল থেকে এই সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন বর্তমান সাধারণ সম্পাদক আনিছুর রহমান। তিনি বলেন, সংগঠনের পরিচালনা পর্ষদের নিয়মিত বৈঠক হয়। নির্বাচন হয়। নির্বাচনের মাধ্যমে দুই বছরের জন্য কার্যকরী কমিটি গঠন করা হয়। বাৎসরিক সাধারণ সভা হয়। এতে নিরীক্ষক নিয়োগ করা হয়। নিয়মিত নিরীক্ষা হয়। গড়ে বছর পাঁচ-ছয়টি নাটক প্রযোজনা করা হয়।
এই সংগঠনের গৌরবময় ঐতিহ্যের কথা স্মরণ করতে গিয়ে অধ্যাপক রহমত আলী বলেন, একটা সময় দারুণ নামডাক ছিল এই নাট্যদলের। স্বাধীনতার পর দেশে প্রথম রাজশাহী সাংস্কৃতিক সংঘই নাট্যান্দোলনের প্রয়াস হিসেবে এক মাস ধরে নাট্যোৎসব করে। পরপর ছয় বছর তা করা হয়েছে। এখনো নিয়মিত চর্চা চলছে। আমন্ত্রিত দল হিসেবে তারা বিভিন্ন জেলায় যায়।
নাটক মঞ্চায়নের পাশাপাশি শুরু থেকে গত ২০০৯ এবং ২০১০ সাল পর্যন্ত মাজেদা মল্লিক (শর্মিলী আহমেদ), এন্ড্রু কিশোর, খালেদ মাসুদ পাইলট, ফেরদৌস হাসান, আরমান পারভেজ মুরাদ, এনামুল করিম নির্ঝর, আমিনুর রহমান বাচ্চু, অজিত কুমার ভট্টাচার্য্য, শফি উদ্দিন আহম্মেদ, শামসুল ইসলাম, প্রয়াত খোদাবক্স মৃধা, আব্দুল আজিজ, মঞ্জুশ্রী রায়, রফিকুল আলম, অধ্যাপক মলয় ভৌমিকসহ প্রায় ৫০ জন গুণী ব্যক্তিত্বকে সম্মাননা প্রদান করা হয়েছে।