অর্ধশত বছরের গাছটি কাটল পুলিশ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

যশোর জেনারেল হাসপাতালের মসজিদের সামনের বিশাল বটগাছটি অর্ধেক কেটে ফেলা হয়েছে। গত বুধবার গভীর রাতে পুলিশ শ্রমিক দিয়ে গাছটি কাটতে শুরু করে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে ‘অজ্ঞাত ব্যক্তিদের’ অভিযুক্ত করে খোদ পুলিশের পক্ষ থেকে থানায় মামলা করা হয়েছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেছেন, শহরের প্রাণকেন্দ্র দড়াটানার পাশের এই বটগাছটির নাম অনুসারে ওই মোড়ের নাম ‘বটতলা’। স্বাধীনতাযুদ্ধের সময় এখানে থাকা দুটি বিশাল বটগাছের পেছনে মুক্তিযোদ্ধারা আশ্রয় নিতেন। তাই গাছ দুটি কেটে ফেলে পাকিস্তানি বাহিনী। দেশ স্বাধীন হওয়ার পর একই স্থানে এই গাছটি লাগান মুক্তিযোদ্ধারা।
কিন্তু প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন, গাছ কেটেছে পুলিশ। বুধবার রাত একটা থেকে প্রস্তুতি শুরু হয়। প্রথমে একটি ট্রলিসহ শ্রমিকদের এনে রাখেন সাদাপোশাকের কয়েকজন পুলিশ সদস্য। গভীর রাতে শুরু হয় গাছ কাটা। দ্রুতই সরিয়ে ফেলা হয় বড় বড় ডালপালা ও পাতা। পুলিশের স্টাফ কোয়ার্টারের সামনের মার্কেট সম্প্রসারণ করতেই মূলত গাছটি কাটা হচ্ছে।
গাছ কাটার ঘটনায় বৃহস্পতিবার রাতে উপশহর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) বিপ্লব বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি মামলা করেছেন। এজাহারে উল্লেখ করা হয়েছে, ‘কে বা কারা পুলিশ নারী কল্যাণ সমিতির দোকানের পাশের পুরোনো বটগাছটি কেটে নিয়ে যায়।’ গতকাল শুক্রবার বিকেলে সেখানে গিয়ে দেখা যায়, ডালপালা ছাঁটা গাছটির গোড়াও ক্ষতবিক্ষত। গোড়ায় আর কয়েকটি কোপ পড়লেই গাছটি পড়ে যাবে। এটি কাটতে সংশ্লিষ্ট দপ্তরের অনুমতিও নেওয়া হয়নি বলে জানা যায়।
শহরের ঘোপের বাসিন্দা জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যকরী সভাপতি রবিউল আলম বটগাছটি কেটে ফেলায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তিনি বলেন, ‘পুলিশ একটি ঐতিহ্যকে হত্যা করেছে। এই গাছটির সঙ্গে ঘোপবাসী তথা যশোরবাসীর আবেগ জড়িয়ে রয়েছে। ১৯৭১-এ পাকিস্তানি বাহিনী এখানকার বটগাছ কেটে ফেলেছিল। স্বাধীনতার এত বছর পরে এসে একই স্থানে বটতলার গাছ কাটল পুলিশ।’
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার কে এম আরিফুল হক গাছ কাটার বিষয়ে ‘কিছুই জানেন না’ বলে দাবি করেন। তিনি বিষয়টি খোঁজ নেবেন বলে জানান।