খাগড়াছড়িতে ইউএনডিপির শিক্ষা সহায়তা প্রকল্পের মেয়াদ শেষ
অর্ধশত বিদ্যালয়ের ভবিষ্যৎ অনিশ্চিত, বেতন বন্ধ শিক্ষকদের
জাতিসংঘ উন্নয়ন তহবিলের (ইউএনডিপি) আর্থিক সহায়তায় ‘পার্বত্য চট্টগ্রাম মৌলিক শিক্ষা সহায়তা’ প্রকল্পের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় খাগড়াছড়ির ৪৯টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা গত জুলাই মাস থেকে বেতন পাচ্ছেন না। পাশাপাশি এসব বিদ্যালয়ের সাড়ে চার হাজারের বেশি শিক্ষার্থীর শিক্ষাজীবন অনিশ্চয়তার মধ্যে রয়েছে।
পার্বত্য জেলা পরিষদ সূত্রে জানা গেছে, ইউএনডিপির এই শিক্ষা সহায়তা প্রকল্প শুরু হয় ২০০৮ সালে। শুরুতে এই প্রকল্পের নাম ছিল ‘মাতৃভাষাভিত্তিক শিক্ষা প্রকল্প’। ২০১০ সালের জুলাই মাসে ইউএনডিপি প্রকল্পটির পরিচালনার ভার জেলা পরিষদের কাছে হস্তান্তর করে। তখন প্রকল্পের নাম পরিবর্তন করে রাখা হয় ‘পার্বত্য চট্টগ্রাম মৌলিক শিক্ষা প্রকল্প’। জেলার পানছড়ি, মহালছড়ি, মাটিরাঙ্গা ও লক্ষ্মীছড়ি উপজেলার ১০০টি সরকারি ও বেসরকারি বিদ্যালয়ে এই প্রকল্পগুলো চালু ছিল। যেগুলোর মধ্যে ২০১০ সালে প্রতিষ্ঠিত ৪৯টি বিদ্যালয়ও ছিল। ইউএনডিপির প্রকল্পের টাকায় চালু হয় এই বিদ্যালয়গুলো।
প্রকল্পের আওতায়, বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন, ও আসবাবপত্র ক্রয় খাতে আর্থিক সহায়তা দিত ইউএনডিপি। পাশাপাশি নতুন প্রতিষ্ঠিত ৪৯টি বিদ্যালয়ের চারজন করে শিক্ষকের বেতন-ভাতাও দেওয়া হতো। প্রত্যেক শিক্ষক মাসে তিন হাজার ৫০০ করে ভাতা পেতেন। প্রকল্প শেষ হওয়ার পর সরকারি বিদ্যালয়গুলোর সমস্যা না হলেও শিক্ষকদের বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পাচ্ছে না নতুন প্রতিষ্ঠিত বিদ্যালয়গুলো।
বন্ধ হয়ে যাওয়া পার্বত্য চট্টগ্রাম মৌলিক শিক্ষা সহায়তা প্রকল্পের শিক্ষা কর্মকর্তা হৃদয় রঞ্জন ত্রিপুরা জানান, ইউএনডিপির প্রকল্প শুরু হওয়ার পর নতুন ৪৯টি বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল। চার উপজেলার এই প্রাথমিক বিদ্যালয়গুলোর ব্যয় নির্বাহ করা হতো প্রকল্পের টাকায়। প্রতিটি বিদ্যালয়ের চারজন করে শিক্ষকের বেতন ভাতা দেওয়া হতো। বিদ্যালয়গুলো এখন সরকারীকরণের প্রক্রিয়ার মধ্যে আছে। তবে প্রকল্পের মেয়াদ শেষ হওয়ায় আর্থিক সংকটে পড়েছে বিদ্যালয়গুলো। এসব বিদ্যালয়ের ২০৭ জন শিক্ষক গত জুলাই মাস থেকে বেতন পাচ্ছেন না।
তবে সহায়তা বন্ধ হলেও শিক্ষা কার্যক্রম চলছে সব কটি বিদ্যালয়ে। গত ২৫ আগস্ট দুপুর সাড়ে বারটায় জেলার পানছড়ি উপজেলার লতিবান ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাগানপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায় দুজন শিক্ষক পাঠদান করছেন শিক্ষার্থীদের। বিদ্যালয়ের প্রধান শিক্ষক কংজরী মারমা বলেন, বিদ্যালয়টি ২০১০ সালে প্রতিষ্ঠিত হয়। ২৪ শিক্ষার্থী নিয়ে বিদ্যালয়ের যাত্রা শুরু হলেও বর্তমানে ৮৪ জন পড়াশোনা করছে। প্রতিষ্ঠার পর থেকে শিক্ষকদের বেতন, বিদ্যালয়ের অবকাঠামো নির্মাণ, আসবাবপত্র ইত্যাদির ব্যয় নির্বাহ হয়েছে ইউএনডিপির সহযোগিতায়। এখন প্রকল্প বন্ধ হয়ে যাওয়ায় সরকারি সহায়তা ছাড়া বিদ্যালয় টিকিয়ে রাখা সম্ভব নয়।
তিনি আরও বলেন, সরকার প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের যেসব শর্ত দিয়েছে তার সব কটি পূরণ করা হয়েছে। এরপরও বিদ্যালয়টি এখনো সরকারীকরণ করা হয়নি। ইউএনডিপির প্রকল্পটি শেষ হওয়ায় শিক্ষকেরা জুলাই থেকে কোনো বেতন পাচ্ছে না। বিদ্যালয় পরিচালনা কমিটিও তেমন আশার বাণী শোনাতে পারছে না। তিনি বিদ্যালয়টি সরকারীকরণের দাবি জানান।
একই দশা মহালছড়ি উপজেলার হাজাছড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের। এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুপন চাকমা বলেন, ‘শিক্ষার্থীদের কথা ভেবে বিদ্যালয়ে না এসে পারি না। বিদ্যালয় পরিচালনা কমিটি শিক্ষকদের বেতন দেওয়ার কোনো প্রতিশ্রুতি দিতে পারছে না। বেতন ছাড়া আমরা কত দিন বিদ্যালয় চালাতে পারব তাও আমি বলতে পারছি না। বিদ্যালয়টি সরকারীকরণ করা হলে কোনো সমস্যা থাকত না।’
সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রিটন কুমার বড়ুয়া বলেন, ইউএনডিপির সাহায্যপুষ্ট খাগড়াছড়ি জেলার ৪৯টি প্রাথমিক বিদ্যালয় সরকারীকরণ করা হবে কি না, সে বিষয়ে ১৩ জুলাই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে সভা হয়েছে। সভায় তিন সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি বিদ্যালয়গুলোর সরকারীকরণের সম্ভাব্যতা যাচাই করবে।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী বলেন, ‘জাতীয়করণ হয়নি এমন বিদ্যালয়গুলো টিকিয়ে রাখার ব্যাপারে ভাবা হচ্ছে। পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় ও পার্বত্য জেলা পরিষদের যৌথভাবে কিছু উদ্যোগ নেওয়ার পরিকল্পনাও আছে। আমি আশাবাদী কিছুদিনের মধ্যেই একটি সমাধান বেরিয়ে আসবে।’