অর্ধশত বিদ্যালয় ভবন ঝুঁকিপূর্ণ
‘ভালোয় ভালোয় পোলাপানগুলার পরীক্ষা শ্যাষ হইছে। সামনে লম্বা ছুটি। এর মধ্যে বর্ষা শ্যাষ হইয়া যাইবে। আপাতত একটু নিশ্চিন্ত হইলাম।’ কথাগুলো বলছিলেন বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ ভবন ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন বরগুনার আমতলী উপজেলার মধ্য টেপুরা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলম মল্লিক। মধ্য টেপুরা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাদ চুইয়ে পানি পড়ে। ভবনের পিলারগুলো ক্ষয়ে চিকন হয়ে গেছে। তিনি জানান, ভবনটি খুবই ঝুঁকিপূর্ণ হওয়ায় শুকনো মৌসুমে বিদ্যালয়ের পাঠদান হয়েছে মাঠে। বর্ষাকাল ও পরীক্ষার জন্য রীতিমতো ঝুঁকি নিয়ে এত দিন বিদ্যালয় ভবনে পাঠদান ও পরীক্ষা নেওয়া হয়েছে। একই অবস্থা আমতলী উপজেলার ৫২টি প্রাথমিক বিদ্যালয় ভবনের। এসব বিদ্যালয়ের জরাজীর্ণ ভবনে চলছে পাঠদান। যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা করছে শিক্ষক-শিক্ষার্থীরা।উপজেলা শিক্ষা কার্যালয়ের হিসাব মতে, নব্বইয়ের দশক ও তারও আগে নির্মিত ভবনগুলোর সংস্কারকাজ না হওয়ায় এ দশা হয়েছে। তালতলীর সাগরপাড়ের মরানিদ্রা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেঝে মাটির সমতল থেকে নিচু থাকায় একটু বৃষ্টির পানিতেই তলিয়ে যায়। বিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষার্থী জানায়, বাইরে বৃষ্টি থামলেও শ্রেণীকক্ষে পানি পড়া থামে না। গুলিশাখালী বোর্ড ও বাইনবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ঘুরে দেখা গেছে, ভবনগুলোর ছাদের পলেস্তারা খসে মরিচা ধরা রড বেড়িয়ে পড়েছে। প্রায়ই ছাদ পলেস্তারার টুকরো খসে শিক্ষক ও শিক্ষার্থীদের মাথার পড়ে। বর্ষায় ছাদ চুইয়ে পানি পড়া নৈমিত্তিক ঘটনা। এ বছর বর্ষা মৌসুমে ছাদের পানিতে মেঝেও তলিয়ে গেছে বলে বেশ কয়েকজন শিক্ষক জানান।পূর্ব চিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আ. হামিদ বলেন, ‘আমার বিদ্যালয়ের জরাজীর্ণ ভবনে ক্লাস করলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। বিষয়টি বারবার প্রাথমিক শিক্ষা বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। কিন্তু কোনো প্রতিকার পাইনি।’ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোতাহার হোসেন বলেন, ‘বিদ্যালয় ভবন নিয়ে আমরা বিভিন্ন ধরনের সমস্যা পোহাচ্ছি। নিরাপত্তা নিয়ে ভীতি থাকলে শিশুদের পাঠদান করি কীভাবে!’উপজেলা শিক্ষা কর্মকর্তা যতীন চন্দ্র শীল বিভিন্ন বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ ভবন পরিদর্শন করেছেন। পরিদর্শন বইতে তিনি এসব সমস্যার কথা উল্লেখও করেছেন। তিনি বলেন, ‘এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।’