নোয়াখালীর ছোট ফেনী নদীতে নৌকা ডুবে শিশুসহ নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ছোট ফেনী নদীতে ইঞ্জিনচালিত নৌকা ডুবে শিশুসহ দুজন নিহত হয়েছে। আজ বুধবার বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার মুছাপুর ইউনিয়নের মুছাপুর ক্লোজার এলাকায় ছোট ফেনী নদীতে নারী-শিশুসহ আনুমানিক ৫০ জন ভ্রমণকারী নিয়ে নৌকাটি ডুবে যায়।

পুলিশ ও স্থানীয় লোকজন সূত্রে জানা গেছে, এ ঘটনায় ফেন্সি আক্তার (২৬) নামের এক নারী ও এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া আরও কয়েকজন নিখোঁজ রয়েছেন বলে ধারণা করা যাচ্ছে। তবে নিখোঁজ এক শিশুর পরিচয় নিশ্চিত হওয়া গেছে। সে হচ্ছে চর ফকিরা আকবরিয়া দাখিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্রী রোকসানা আক্তার (১১)। বাকিরা সাঁতরে তীরে উঠতে সক্ষম হন।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ফজলে রাব্বী ঘটনাস্থল থেকে প্রথম আলোকে বলেন, আজ দুপুরের পর উপজেলার চর ফকিরা ইউনিয়নের চর ফকিরা আকবরিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, তাঁদের অভিভাবকসহ আনুমানিক ২০০ জন বাসে করে মুছাপুর ক্লোজার এলাকায় ভ্রমণে আসেন। বিকেল সাড়ে চারটার দিকে ভ্রমণে আসা শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকসহ আনুমানিক ৪০-৫০ জন একটি ইঞ্জিনচালিত নৌকা নিয়ে স্থানীয় ছোট ফেনী নদীতে ঘুরতে নামেন। একপর্যায়ে প্রবল বাতাসে নৌকাটি নদীতে উল্টে ডুবে যায়।
ওসি জানান, ‘এ ঘটনায় ফেন্সি নামের এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তাঁর বাড়ি চর ফকিরা এলাকায়। ধারণা করা হচ্ছে, তিনি কোনো ছাত্রীর অভিভাবক। এ ছাড়া আরও এক শিশুর মরদেহ উদ্ধার করে পরিবারের লোকজন নিয়ে গেছেন। আমরা ঘটনাস্থলে পৌঁছার আগেই শিশুটির লাশ নিয়ে যাওয়ায় তার পরিচয় জানতে পারিনি।’ এখন পর্যন্ত একজন নিখোঁজ থাকার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে বলে জানিয়েছেন তিনি।
তবে মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম জানান, ওই ঘটনায় তিনজন নিখোঁজ রয়েছেন। নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারের চেষ্টা চলছে।
প্রসঙ্গত, ছোট ফেনী নদীর ভাঙন থেকে কোম্পানীগঞ্জ উপকূলীয় এলাকা রক্ষা করার পাশাপাশি নতুন ডাকাতিয়া, পুরোনো ডাকাতিয়া-ছোট ফেনী নদীর পানিনিষ্কাশন প্রকল্পের আওতায় সেখানে ২০১৫ সালে প্রায় ১১০০ মিটার দৈর্ঘ্যের ‘মুছাপুর ক্লোজার’ (পানিপ্রবাহ বন্ধের বিশেষ ব্যবস্থা) নির্মাণ করা হয়। ক্লোজারের দুই পাশে নদীর নয়নাভিরাম দৃশ্য দেখতে প্রতিদিন দূরদূরান্ত থেকে বহু লোক আসে সেখানে। দুর্ঘটনাকবলিত নৌকার যাত্রীরাও সেখানে বেড়াতে এসেছিলেন।