অর্ধশত শিশু শিক্ষার্থীকে পেটানোর অভিযোগ
বরগুনার পাথরঘাটা উপজেলার জিনতলা রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেনের বিরুদ্ধে বিদ্যালয়ের প্রায় অর্ধশত শিক্ষার্থীকে শ্রেণীকক্ষে ঢুকে লাঠিপেটার অভিযোগ উঠেছে। বিদ্যালয়ের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণীর বেশ কয়েকজন শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা এ অভিযোগ করেছেন। গত শনিবার বেলা তিনটার দিকে এ ঘটনা ঘটে।
বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবদুস ছত্তার খান বলেন, প্রায় ১৫ জন শিক্ষার্থীকে মারধরের অভিযোগের সত্যতা মিলেছে। গত রোববারের ব্যবস্থাপনা কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করা হবে। বিদ্যালয়ের শিক্ষার্থী এবং স্থানীয় আবদুল বারেক ও দেলোয়ার হোসেনসহ বেশ কয়েকজন অভিভাবক জানান, শনিবার বেলা তিনটার দিকে বিদ্যালয়ের পাঠাগার কক্ষের সামনে চার-পাঁচজন শিক্ষার্থী ঘোরাফেরা করছিল। প্রধান শিক্ষক তাদের কাছে সেখানে ঘোরাফেরার কারণ জানতে চান। একপর্যায়ে তিনি তাদের খেজুরগাছের ডাল দিয়ে পেটান। এ সময় তৃতীয় ও চতুর্থ শ্রেণীর দুজন শিক্ষার্থী এ ঘটনার প্রতিবাদ জানিয়ে শ্রেণীকক্ষে চলে যায়। প্রধান শিক্ষক দৌড়ে গিয়ে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কক্ষে ঢুকে শিক্ষার্থীদের লাঠিপেটা করেন। তখন পাশের কক্ষ থেকে বের হয়ে আসে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা। তাদের মধ্যে বেশ কয়েকজনকে প্রধান শিক্ষক লাঠিপেটা করেন।
প্রধান শিক্ষক বলেন, ‘ক্যারম বোর্ড খেলার ঘটনায় তিন-চারজন শিক্ষার্থীকে আমি মারধর করেছি। তবে যা হয়েছে তার চেয়ে বাড়িয়ে বলছেন অভিভাবকেরা।’ তৃতীয় শ্রেণীর এক শিক্ষার্থী বলে, ‘আমি শ্রেণীকক্ষে বসে ছিলাম। হঠাৎ আলমগীর স্যার এসে আমাকে লাঠি দিয়ে বেদম মারপিট করেন। আমাদের ক্লাসের অনেককেই তিনি পিটিয়েছেন।’ উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা জাহিদ উদ্দিন বলেন, ওই বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটিকে দ্রুত ঘটনার সত্যতা যাচাই করে সুপারিশ পাঠাতে বলা হয়েছে। প্রধান শিক্ষকের বিরুদ্ধে মারধরের প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে।