অর্ধশত স্থাপনা উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বুড়িগঙ্গা নদীর তীর থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালায় বিআইডব্লিউটিএ। ছবিটি পোস্তগোলা শ্মশানঘাট এলাকা থেকে গতকাল দুপুরে তোলা l প্রথম আলো
বুড়িগঙ্গা নদীর তীর থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালায় বিআইডব্লিউটিএ। ছবিটি পোস্তগোলা শ্মশানঘাট এলাকা থেকে গতকাল দুপুরে তোলা l প্রথম আলো

রাজধানীর পোস্তগোলা শ্মশানঘাট এলাকায় বুড়িগঙ্গা নদীর তীর থেকে অর্ধশত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে গতকাল বুধবার দুপুরে এই অভিযান চালানো হয়।
ঢাকা নদীবন্দর সূত্রে জানা গেছে, দুপুরে পোস্তগোলা এলাকায় নদীতীরে বালু অপসারণের মাধ্যমে উচ্ছেদ অভিযান শুরু হয়। অভিযানে নেতৃত্ব দেন ঢাকা জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট রেহানুল হক ও দেশাই বর্মন। এ সময় উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএর পরিচালক মফিজুর রহমান, ঢাকা নদীবন্দরের যুগ্ম পরিচালক মো. শহিদুল্লাহ, ওয়ারী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. সাহেদ মিয়া, কোতোয়ালি সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মো. আসলাম উদ্দিন প্রমুখ।
পোস্তগোলা শ্মশানঘাট এলাকার ইজারাদার ইকবাল আহমেদ বলেন, ‘আমরা চলতি অর্থবছরে ৫১ লাখ পাঁচ হাজার টাকা দিয়ে ঘাটের ইজারা নিয়েছি। এখন সরকার আমাদের স্থাপনা ভেঙে দিচ্ছে।’ মো. ইউনুস মিয়া নামের এক দোকানমালিক বলেন, ‘বিআইডব্লিউটিএর কাছে আমরা সাড়ে তিন লাখ টাকা অগ্রিম জামানত দিয়ে জায়গা ভাড়া নিয়েছি। কিন্তু বিআইডব্লিউটিএ আমাদের ঘর অবৈধ বলে ভেঙে দিয়েছে।’
ঢাকা নদীবন্দরের যুগ্ম পরিচালক মো. শহিদুল্লাহ বলেন, নদীতীরে ঘর তোলার জন্য কর্তৃপক্ষ কাউকে অনুমতি দেয়নি।