অর্ধশতাধিক গাছ কেটে পাচার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের কচুয়া উপজেলার মঘিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মোন্তাজুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তিনি ইউনিয়নের চর সোনাকুড় মাদ্রাসা থেকে নন্দপাড়া খেয়াঘাট পর্যন্ত রাস্তার দুই পাশের অর্ধশতাধিক গাছ অবৈধভাবে কেটে পাচার করেছেন।চর সোনাকুড় গ্রামের বাসিন্দারা অভিযোগ করেন, ইউপি সদস্য মোন্তাজুল ইসলাম ১৬ থেকে ২০ এপ্রিল পর্যন্ত বিভিন্ন সময়ে শ্রমিক দিয়ে রাস্তার দুই পাশে থাকা ১৭০টি গাছ কেটে ফেলেন।মঘিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিজানুর রহমান জানান, ৯ নম্বর ওয়ার্ডে সিডরের আঘাতে হেলে পড়া কিছু গাছ কেটে ফেলার একটি আবেদন উপজেলা পরিষদের মার্চ মাসের সভায় অনুমোদন করা হয়। সে অনুযায়ী এপ্রিল মাসের প্রথম সপ্তাহে ইউপি সদস্য মোন্তাজুল ইসলামকে প্রধান করে পাঁচ সদস্যের একটি কমিটি করা হয়। কিন্তু গাছ কাটায় অনিয়ম হওয়ায় বিষয়টি তিনি কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসানকে জানান।উপজেলা বন কর্মকর্তা আলমগীর হোসেন খান ঘটনাস্থলে গিয়ে কেটে ফেলা ১৭০টি গাছ শনাক্ত করেন। কিন্তু ঘটনাস্থল থেকে ১১৪টি কাটা গাছ উদ্ধার করা হয়। বাকি ৫৬টি গাছের সন্ধান পাওয়া যায়নি।কচুয়া উপজেলা বন কর্মকর্তা (সামাজিক বন বিভাগ) আলমগীর হোসেন খান জানান, ইউএনওর নির্দেশে তিনি এপ্রিল মাসের প্রথম সপ্তাহে ওই রাস্তায় ইউনিয়ন পরিষদের মালিকানাধীন হেলে পড়া ১৪৪টি গাছ কাটার জন্য শনাক্ত করেন। কিন্তু বৃহস্পতিবার সেখানে গিয়ে দেখেন ১৭০টি গাছ কাটা হয়েছে। কচুয়ার ইউএনও মেহেদী হাসান জানান, তিনি আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।মোন্তাজুল ইসলাম বলেন, উপজেলা বন কর্মকর্তার শনাক্ত করা গাছগুলোই কাটা হয়েছে। কেটে ফেলা গাছগুলো নদীর পাড়ে রাখা ছিল। রাতের অন্ধকারে কে বা কারা সেগুলো নিয়ে গেছে।