অর্ধশতাধিক ঘরবাড়ি কীর্তনখোলায় বিলীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়ন ও আশপাশের এলাকায় গত কয়েক দিনে অর্ধশতাধিক ঘরবাড়ি কীর্তনখোলায় বিলীন হয়েছে। ভাঙনের হুমকির মুখে পড়েছে একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থাপনা।স্থানীয় সূত্রে জানা যায়, কীর্তনখোলার অব্যাহত ভাঙনে বরিশাল সিটি করপোরেশন ও চরবাড়িয়া ইউনিয়নের চরআবদানী ও মহাবাজ পর্যন্ত প্রায় দুই কিলোমিটার সড়ক ও বাগানবাড়ি বিলীন হয়েছে। হুমকির মুখে রয়েছে চারণ দার্শনিক আরজ আলী মাতুব্বরের লাইব্রেরি, চরবাড়িয়া প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, তিসটি মসজিদসহ একাধিক প্রতিষ্ঠান ও বসতবাড়ি।ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হাবিবুর রহমান বলেন, ‘রাস্তা, বাগান, কৃষিজমি—সব নদীতে। মসজিদটি ভেঙে দূরে সরিয়ে নেওয়া হয়েছে।’ আকলিমা বেগম বলেন, ‘মোর বাড়ি নদীর মধ্যে, এহানে ছাপরা দিকে আছি।’ চরবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউল ইসলাম প্রথম আলোকে বলেন, ভাঙন প্রতিরোধ করা না গেলে ইউনিয়নের লামচরিসহ অনেক এলাকা বিলীন হয়ে যাবে।বরিশাল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. হারুন অর রশীদ এ বিষয়ে প্রথম আলোকে বলেন, বেলতলা থেকে চরবাড়িয়া ও লামছরি পর্যন্ত কীর্তনখোলার ভাঙন থেকে রক্ষা করার জন্য একটি প্রকল্প ঢাকায় পাঠানো হয়েছে। তবে এখনো অনুমোদন হয়নি। অনুমোদন হলে নদীভাঙন প্রতিরোধে ব্যবস্থা নেওয়া হবে।