অর্ধশতাধিক চিংড়িঘের প্লাবিত, ঠেকানোর চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মাদিয়ায় পাউবোর ভেঙে যাওয়া বাঁধ স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে মেরামতের কাজ করছেন স্থানীয় বাসিন্দারা। গতকাল তোলা ছবি ষ প্রথম আলো
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মাদিয়ায় পাউবোর ভেঙে যাওয়া বাঁধ স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে মেরামতের কাজ করছেন স্থানীয় বাসিন্দারা। গতকাল তোলা ছবি ষ প্রথম আলো

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার দুর্গাবাটি ও মাদিয়া গ্রামে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বেড়িবাঁধ ভেঙে অর্ধশতাধিক চিংড়িঘের প্লাবিত হয়েছে। গত বৃহস্পতিবার রাত নয়টার দিকে এ বাঁধ ভেঙে যায়। এলাকাবাসী স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে রিংবাঁধ দিয়ে লোকালয়কে প্লাবনের হাত থেকে রক্ষার চেষ্টা চালাচ্ছে।
দুর্গাবাটি এলাকার ভবতোষ মণ্ডল জানান, দীর্ঘদিন ধরেই পাশাপাশি অবস্থিত দুর্গাবাটি ও মাদিয়া এলাকার মধ্য দিয়ে যাওয়া খোলপেটুয়া নদীতে পাউবোর ৪০০ ফুট দীর্ঘ বাঁধটি একটু একটু করে ভাঙছিল। বৃহস্পতিবার রাত নয়টার দিকে ৭০ থেকে ৮০ ফুট বাঁধ হঠাৎ করে ধসে যায়। মুহূর্তে এলাকার রণজিৎ মণ্ডল, দীনবন্ধু সরকার, দীনবন্ধু গাতিদার, কামরুল গাজী, রফিকুল ইসলামসহ অন্তত ৫০ জনের চিংড়িঘের প্লাবিত হয়। রাতেই এলাকাবাসী বাঁধের মেরামত শুরু করে। তারা রিং বাঁধ (বাঁশ ও বালুভর্তি বস্তা ফেলে প্রাথমিকভাবে দেওয়া বাঁধ) দিয়ে পানি আটকানোর চেষ্টা করছে। দুর্গাবাটি এলাকায় ৩০০ ফুটের বেশি বাঁধে মারাত্মক ভাঙন দেখা দিয়েছে। যেকোনো মুহূর্তে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হতে পারে।
বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য সুধাংশু মিস্ত্রি জানান, রাত থেকেই বাঁধ মেরামতের চেষ্টা চলছে। এই মুহূর্তে ভাঙন ঠেকানো না গেলে পাতড়ালি, আড়পাঙ্গাসিয়া, মাদিয়া, দুর্গাবাটি, ভাবিয়া, কলাবাড়ি, ছোট কুপট, বড় কুপট, হাওয়ালডাঙ্গি, হেনসি, তালবাড়িয়াসহ ২০টি গ্রাম প্লাবিত হবে। ভেসে যাবে কয়েক শ চিংড়িঘের।
পাউবোর শ্যামনগর উপজেলার সেকশন কর্মকর্তা (এসও) নিখিল কুমার দত্ত জানান, এলাকাবাসী স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে বাঁধটি মেরামতের চেষ্টা চালাচ্ছে। প্রাথমিকভাবে রিং বাঁধ দেওয়া হচ্ছে। পানি আটকানো সম্ভব হলে তখন আগের বাঁধটি মেরামতের চেষ্টা করা হবে। পাউবোর পক্ষ থেকে এলাকাবাসীর কাজের তদারকির পাশাপাশি বাঁশ ও বস্তা সরবরাহ করা হচ্ছে।