অর্ধশতাধিক চিকিৎসকের বিরুদ্ধে মামলা, ক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে সার্জারি বিভাগের রেজিস্ট্রার সাইফুল আজমকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় এবং দুই স্বজনকে মারধর করে পুলিশে দেওয়ার অভিযোগে ৬০ চিকিৎসকের বিরুদ্ধে মামলা করেছেন রোগীর স্বজনেরা। চিকিৎসকদের বিরুদ্ধে মামলা হওয়ায় গতকাল বৃহস্পতিবার বিকেলে বিক্ষোভ করেছেন শিক্ষানবিশ চিকিৎসকেরা।
গত সোমবার গভীর রাতে ধারালো অস্ত্রের আঘাতে আহত বরিশালের জাগুয়া ইউনিয়নের বাসিন্দা জাহিদ সরদারকে হাসপাতালের সার্জারি বিভাগের অস্ত্রোপচার কক্ষে (ওটি) অস্ত্রোপচার করছিলেন চিকিৎসকেরা। এ সময় রোগীর সঙ্গে আসা স্বজনেরা ওটির সামনে ভিড় করেন। তখন তাঁদের দূরে সরে যাওয়ার অনুরোধ জানান চিকিৎসকেরা। এ সময় মুঠোফোন চুরি হওয়া নিয়ে কথা-কাটাকাটির জের ধরে স্বজনেরা এক চিকিৎসককে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এ ঘটনায় গত মঙ্গলবার শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ রোগীর স্বজনদের বিরুদ্ধে মামলা করেন। এদিকে গত বুধবার রাতে মামলা করেন চিকিৎসকদের হাতে মারধরের শিকার রোগীর স্বজন মো. তৌহিদের স্ত্রী জান্নাত আরা বেগম।
জান্নাত আরা বেগম তাঁর স্বামীকে মারধরের অভিযোগে হাসপাতালের সার্জারি বিভাগের রেজিস্ট্রার সাইফুল আজিমের নাম উল্লেখ করে আরও অজ্ঞাতনামা ৫০ থেকে ৬০ জন শিক্ষানবিশ চিকিৎসককে আসামি করে মামলা করেছেন।
এদিকে চিকিৎসকদের বিরুদ্ধে মামলা করার সংবাদে বিক্ষুব্ধ হয়েছেন শিক্ষানবিশ চিকিৎসকেরা। তাঁ গতকাল বৃহস্পতিবার বিকেল সোয়া চারটার দিকে হাসপাতাল চত্বরে জড়ো হয়ে প্রতিবাদ জানান। পরে জ্যেষ্ঠ চিকিৎসকদের জানিয়ে বৈঠক করার সিদ্ধান্ত নেন।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. আওলাদ হোসেন প্রথম আলোকে বলেন, চিকিৎসককে মারধরের ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ মঙ্গলবার দুপুরে রোগীর স্বজন মো. তৌহিদের বিরুদ্ধে মামলা করেন। ওই মামলায় তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। এই ঘটনার জের ধরে রোগীর স্বজন মো. তৌহিদের স্ত্রী জান্নাত আরা বেগম বাদী হয়ে গত বুধবার রাতে চিকিৎসকদের বিরুদ্ধে মামলা করেন। ওই মামলাটিও আমলে নিয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
হাসপাতালের পরিচালক এস এম সিরাজুল ইসলাম বলেন, গত সোমবার গভীর রাতে হাসপাতালের অস্ত্রোপচার কক্ষে গুরুতর জখম হওয়া এক রোগীর অস্ত্রোপচার চলছিল। তখন অস্ত্রোপচার কক্ষের সামনে সংরক্ষিত এলাকায় রোগীর স্বজনেরা ভিড় করেন। ওই অংশে চিকিৎসকেরা তাঁদের মুঠোফোন, ব্যাগ ও পোশাক রাখেন। সাধারণের সেখানে প্রবেশ নিষেধ। তারপরও রোগীর স্বজনেরা ওটির সামনে ভিড় করে থাকেন। রাত পৌনে একটার দিকে চিকিৎসক সাইফুল আজম রোগীর স্বজনদের সেখান থেকে সরে যেতে অনুরোধ করেন। এ সময় চিকিৎসকদের একটি মুঠোফোন খোয়া যাওয়া নিয়ে রোগীর স্বজনদের সঙ্গে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রোগীর স্বজনেরা রেজিস্ট্রার সাইফুল আজমকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। পরে শিক্ষানবিশ চিকিৎসক এবং শিক্ষার্থীরা রোগীর স্বজনদের মারধর করে পুলিশের হাতে তুলে দেন। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।
শিক্ষানবিশ চিকিৎসক অ্যাসোসিয়েশনের সভাপতি মো. রাজু আহমেদ বলেন, চিকিৎসককে লাঞ্ছিত করেছেন রোগীর স্বজনেরা। সেই ঘটনায় চিকিৎসকেরা ক্ষুব্ধ হন। পরে রোগীর স্বজনদের পুলিশে দেওয়া হয়। হাসপাতাল কর্তৃপক্ষ স্বজনদের বিরুদ্ধে মামলা করে। গতকাল জানতে পারেন রোগীর স্বজন চিকিৎসকদের বিরুদ্ধেও মামলা করেছেন। তাঁরা এর প্রতিবাদ জানান। এ জন্যই শিক্ষানবিশ চিকিৎসকেরা একত্র হয়েছেন। এ ব্যাপারে হাসপাতালের পরিচালকসহ জ্যেষ্ঠ চিকিৎসকদের জানানো হয়েছে।
বিএমএর কেন্দ্রীয় সদস্য শিরিন সাবিহা প্রথম আলোকে বলেন, ‘রোগীর স্বজনেরা চিকিৎসককে মারধর করল। এখন তারাই আবার চিকিৎসকদের বিরুদ্ধে মামলা করবে, এটা মেনে নেওয়া যায় না। আমরা মনে করি, এটা কাউন্টার মামলা। চিকিৎসকদের বিরুদ্ধে মামলা হওয়ায় ক্ষুব্ধ হয়েছে শিক্ষানবিশ চিকিৎসকসহ অন্য চিকিৎসকেরা। এ ব্যাপারে বৈঠক করে পরবর্তী কর্মসূচি দেওয়া হবে।’