অর্ধশতাধিক ছাত্রী হঠাৎ অসুস্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেওতা একাডেমির অর্ধশতাধিক শিক্ষার্থী গতকাল বৃহস্পতিবার ক্লাস চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। এরা সবাই বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণীর ছাত্রী। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।শিবালয় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুল হালিম মোল্লা বলেন, ‘এটা ম্যাস সাইকোজেনিক ইলনেস বা গণমনস্তাত্ত্বিক অসুস্থতা। অসুস্থ ছাত্রীদের চিকিৎসা দেওয়া হয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্সে ৬৫ জন শিক্ষার্থীকে ভর্তি করার পর তাদের স্যালাইন, ইনজেকশনসহ প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। এদের অধিকাংশই গতকাল সন্ধ্যা ছয়টা নাগাদ সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।’ অন্যরাও দ্রুত পুরোপুরি সুস্থ হয়ে উঠবে বলে তিনি আশা প্রকাশ করেন।তেওতা একাডেমির প্রধান শিক্ষক মোজাম্মেল হক জানান, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে বিদ্যালয়ে পাঠদানকালে (ক্লাস) সপ্তম শ্রেণী ও ষষ্ঠ শ্রেণীর কয়েকজন ছাত্রীর পেটব্যথা শুরু হয়। কিছুক্ষণ পর তারা মাথা ঘুরে পড়ে যায়। এর কয়েক মিনিটের মধ্যে অন্যান্য ক্লাসের প্রায় অর্ধশত শিক্ষার্থী একইভাবে অসুস্থ হয়ে পড়ে।