অর্ধশতাধিক ডাকাতের হাতে জিম্মি পাহাড়ের তিন লাখ মানুষ
অর্ধশতাধিক ডাকাতের হাতে জিম্মি হয়ে আছে কক্সবাজার ও বান্দরবানের পাহাড়ি এলাকার প্রায় তিন লাখ মানুষ। জেলার রামু থেকে ঈদগড়-বাইশারী-আলীক্ষ্যং সড়ক ও পার্শ্ববর্তী এলাকার বাসাবাড়িতে বেপরোয়া ডাকাতির কারণে লোকজন আতঙ্কে দিন কাটাচ্ছে। সম্প্রতি জনতা ধাওয়া করে চার ডাকাতকে ধরে পুলিশে সোপর্দ করার ঘটনায় ডাকাতেরা আরও বেপরোয়া হয়ে ওঠে।স্থানীয়রা জানান, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পূর্ব পাশে চকরিয়া, কক্সবাজার সদর, রামু ও নাইক্ষ্যংছড়ি উপজেলার পাহাড়ি এলাকায় প্রায় তিন লাখ মানুষের বসতি। এখানকার মানুষ মৌসুমি ফসল উৎপাদন, রাবার বাগানে শ্রম বিক্রি ও গবাদি পশু পালন করে জীবিকা নির্বাহ করে। ঈদগড় ইউনিয়ন আওয়ামী লীগের নেতা ও স্থানীয় কমিউনিটি পুলিশের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম বাঙ্গালী জানান, কয়েক মাস ধরে ঈদগড় ও আশপাশের পাহাড়ি এলাকায় একাধিক ডাকাত দল আস্তানা গেড়েছে। সড়কে চলাচলকারী বাস-জিপ-ট্যাক্সি ও আশপাশের বাসাবাড়িতে হানা দিয়ে তারা টাকা ও মালামাল লুট করছে। গত ২৩ ডিসেম্বর ঈদগড়ের পূর্বে আলীক্ষ্যং মিজ্জির ঝিরি এলাকায় ছয়টি বাড়িতে তারা হানা দেয়। এ সময় ডাকাতের ধারালো অস্ত্রের আঘাতে ১০-১২ জন আহত হয়। ১০ ডিসেম্বর রাতে স্থানীয় নয়াপাড়ায় দুটি, বড় ছড়ায় দুটি ও হিলটেক গ্রামের তিনটি বাড়িতে ডাকাতি হয়। এতে আতঙ্কিত হয়ে পড়ে ৪০টির বেশি গ্রামের প্রায় তিন লাখ মানুষ।স্থানীয়রা জানান, গত ২৮ ডিসেম্বর রাতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কের কানিয়ারছড়া, হিমছড়ি ঢালা, পানেরছড়া ঢালা, বৈদ্যপাড়া ও ব্যঙডেপা এলাকায় ১১টি গাড়িতে ডাকাতি হয়েছে। দু-এক দিন পর পর এই সড়কে যানবাহনে ডাকাতি হলেও পুলিশের কোনো তৎপরতা নেই। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন কাঠুরিয়া জানান, ঈদগড়ের উত্তরে চকরিয়ার ডুলাহাজারা, বাইশারী, রাঙ্গাঝিরি, ভোমরিয়াঘোনা এলাকায় ১০-১২ জনের পাঁচ-ছয়টি ডাকাত দল সক্রিয়। এদের বেশির ভাগ মিয়ানমারের অনুপ্রবেশকারী রোহিঙ্গা। সড়ক ও বাসাবাড়িতে ডাকাতি করে এরা পাহাড় বা জঙ্গলে আত্মগোপন করে। গত ২৩ ডিসেম্বর ঈদগড়ের পূর্বে রাঙ্গাঝিরি এলাকায় জনতা ধাওয়া করে চার ডাকাতকে আটক করে পুলিশে সোপর্দ করে। এতে ডাকাত দল আরও বেপরোয়া হয়ে ওঠে।বাইশারী পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ উপপরিদর্শক কামরুল হাসান জানান, ‘ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে টহলের দায়িত্ব রামু ও কক্সবাজার সদর থানার পুলিশের। আমার নিয়ন্ত্রণাধীন এলাকার যেখানে ডাকাতেরা হানা দেয়, তা দুর্গম। সেখানে হেঁটে যাওয়া ছাড়া বিকল্প পথ নেই। তাই ইচ্ছে থাকা সত্ত্বেও অপরাধী গ্রেপ্তারে অভিযান পরিচালনা সম্ভব হয় না। এই সড়কের পানেরছড়া ঢালায় কয়েক মাস আগে ডাকাতের গুলিতে পুলিশের নায়েক সুস্ময় চাকমা মারা যান। কক্সবাজারের পুলিশ সুপার নিবাস চন্দ্র মাঝি জানান, বেশির ভাগ গ্রাম দুর্গম পাহাড়ি এলাকায় হওয়ায় পুলিশের অভিযান পরিচালনা কষ্টকর ও ঝুঁকিপূর্ণ। তার পরও পুলিশ ডাকাত প্রতিরোধে সড়কে নিয়মিত টহল ও অভিযান পরিচালনা করছে।