লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় গতকাল বৃহস্পতিবার কালবৈশাখীতে মেঘনা নদীতে নোঙর করে রাখা অর্ধশতািধক জেলে নৌকা ক্ষতিগ্রস্ত হয়েছে৷ একটি শিক্ষাপ্রতিষ্ঠানসহ উপজেলার বিভিন্ন এলাকায় শতাধিক ঘর বিধ্বস্ত হয়েছে৷ সাহেবের হাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল খায়ের জানান, তাঁর এলাকায় মেঘনা নদীর মাতাব্বর নগর, পাতাবনিয়া, চর কটরিয়া ও বাতির খাল মাছঘাটে নোঙর করে রাখা অর্ধশতাধিক জেলে নৌকা ঝড়ের আঘাতে ভেঙে গেছে৷ পাটারীরহাট ইউপির সদস্য আবদুল বাকী জানান, ঝড়ে তাঁর এলাকার গিয়াস উদ্দিন নামের এক দিনমজুরের বসতঘর বিধ্বস্ত হয়ে তাঁর ছেলে মো. শরিফ (১২) আহত হয়েছে৷ এ ছাড়া মাতাব্বরহাট এলাকায় হোসেন আহাম্মেদ নামের এক ব্যক্তির বসতঘর বিধ্বস্ত হয়েছে৷ ঘরের নিচে চাপা পড়ে তাঁর ছেলে মোহাম্মদ আলীসহ দু’জন আহত হয়েছে৷
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুল আওয়াল বলেন, ঝড়ে বিভিন্ন এলাকায় শতাধিক ঘর বিধ্বস্ত হয়েছে বলে তিনি খবর পেয়েছেন৷ ইউনিয়ন পরিষদের মাধ্যমে ক্ষয়ক্ষতির আরও তথ্য সংগ্রহ করা হচ্ছে৷