মৌলভীবাজার সদর উপজেলার ৫৪টি প্রাথমিক বিদ্যালয়ের নলকূপের পানিতে মাত্রাতিরিক্ত আর্সেনিক পাওয়া গেছে। এ কারণে এসব বিদ্যালয়ে বিশুদ্ধ খাওয়ার পানির সংকট দেখা দিয়েছে। সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলায় ১৬৭টি সরকারি এবং ২২টি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় আছে। এসব বিদ্যালয়ে ৮১৬ জন শিক্ষক আছেন। মোট ছাত্রছাত্রীর সংখ্যা ৩৮ হাজার ২০ জন। এর অধিকাংশ বিদ্যালয়ে খাওয়ার পানির সংকট ছিল। তাই জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ৫৪টি বিদ্যালয়ে গভীর নলকূপ স্থাপনের উদ্যোগ নেয়।জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর মৌলভীবাজার সদর উপজেলা কার্যালয় সূত্রে জানা গেছে, পিইডিপি (প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি)-৩-এর আওতায় সদর উপজেলার ৫৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গভীর নলকূপ স্থাপনের অনুমোদন মেলে। সে অনুযায়ী জানুয়ারি মাসে উপজেলার লামা কাগাবলা, সাতবাগ, রতনপুর, সাতহাল ও বাসুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গভীর নলকূপ স্থাপন করা হয়। পরে কাজের শর্ত অনুযায়ী জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সিলেট আঞ্চলিক কেন্দ্রের পরীক্ষাগারে এ নলকূপগুলোর পানি পরীক্ষা করা হয়। প্রতিটি নলকূপের পানিতেই মাত্রাতিরিক্ত আর্সেনিক পাওয়া গেছে। এরপর অনুমোদন পাওয়া সব বিদ্যালয়ে গভীর নলকূপ স্থাপনের কাজ বন্ধ করে দেওয়া হয়। লামা কাগাবলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তাসনীম চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘অনেক দিন ধরে আমাদের স্কুলে পানির সংকট চলছে। ছাত্রছাত্রীরা পাশের বাড়ি ও ইউনিয়ন পরিষদ কার্যালয়ের নলকূপ থেকে পানি এনে পান করে।’সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মারুফ আহমেদ চৌধুরী জানান, সদর উপজেলার অর্ধশতাধিক প্রাথমিক বিদ্যালয়ে খাওয়ার পানির সংকট রয়েছে। দ্রুত এ সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া প্রয়োজন। বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সিলেট আঞ্চলিক কেন্দ্রের পরীক্ষাগারের নমুনা বিশ্লেষক (স্যাম্পল অ্যানালাইজার) ধনঞ্জয় কুমার দাস জানান, পরীক্ষায় সব কটি নলকূপের পানিতে আন্তর্জাতিক মানদণ্ডের চেয়ে বেশি মাত্রায় আর্সেনিক পাওয়া গেছে (আন্তর্জাতিক মাত্রা প্রতি লিটারে ০.০৫ মিলিগ্রাম)। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সদর উপজেলা কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী আতিকুর রহমান জানান, মাত্রাতিরিক্ত আর্সেনিক পাওয়ায় সদর উপজেলায় গভীর নলকূপ স্থাপনের কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। আর্সেনিকমুক্ত বিকল্প পানির ব্যবস্থা করার জন্য জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ঢাকার প্রধান কার্যালয়ের গবেষণা ও উন্নয়ন শাখায় প্রস্তাব পাঠানো হয়েছে। তারা কী ব্যবস্থা নেবে, তা এখনো জানা যায়নি।