অর্ধশতাধিক মুঠোফোন চুরি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের সাংসদ মজিবুর রহমান ফকিরের জানাজায় গত মঙ্গলবার অর্ধশতাধিক মুঠোফোন চুরি হয়েছে। একটি সংঘবদ্ধ চক্র প্রস্তুতি নিয়ে এ ঘটনা ঘটিয়েছে বলে পুলিশ জানিয়েছে। এতে জড়িত থাকার অভিযোগে মঙ্গলবার রাতেই দুজনকে পুলিশ গ্রেপ্তার করেছে।
পুলিশ সূত্র জানায়, জানাজায় অংশ নেওয়া ব্যক্তিরা মঙ্গলবার সন্ধ্যার পর থেকে গৌরীপুর থানায় মুঠোফোন চুরির অভিযোগ দিতে শুরু করেন। রাত সাড়ে নয়টা পর্যন্ত মুঠোফোন চুরির অভিযোগে নয়জন সাধারণ ডায়েরি (জিডি) করেন। পুলিশ মুঠোফোন ট্র্যাক করে দুলাল মিয়া ও আজিজুল নামের দুজনকে গ্রেপ্তার করেছে। তাঁদের বাড়ি কিশোরগঞ্জে। তাঁরা ঢাকার সংঘবদ্ধ পকেটমার চক্রের সদস্য বলে ধারণা করা হচ্ছে।
গৌরীপুর থানার ওসি আখতার মোর্শেদ বলেন, ‘অনেকের মুঠোফোন চুরির কথা শুনেছি। গ্রেপ্তার হওয়া দুজনের সাত দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে।’