অর্ধশতাধিক মেহগনি ও কলাগাছ নিধন
গোপালগঞ্জ সদর উপজেলার পাইককান্দি ইউনিয়নের সুলতানশাহী গ্রামে জমিজমা নিয়ে বিরোধকে কেন্দ্র করে গত রোববার অর্ধশতাধিক মেহগনি ও কলাগাছ কেটে ফেলেছেন প্রতিপক্ষের লোকজন। এ ব্যাপারে বাগানমালিক শাহজাহান মোল্লা সদর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। শাহজাহান মোল্লা জানান, বসতবাড়ির ৫২ শতক জমি নিয়ে প্রতিবেশী বোরহান শেখের সঙ্গে তাঁর বিরোধ চলছে। এ নিয়ে আদালতে তিনটি মামলাও রয়েছে। সম্প্রতি বিরোধীয় ওই জমি দখলের চেষ্টা করে ব্যর্থ হওয়ার পর রোববার সকালে বোরহান শেখের নেতৃত্বে ১০-১২ জন অর্ধশতাধিক মেহগনি ও কলাগাছ কেটে ফেলেন। এতে তাঁর কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে। পাইককান্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইছানুর রশিদ বলেন, ‘এই ঘটনা যাঁরা ঘটিয়েছেন তাঁদের বিচার হওয়া উচিত।’ গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন মোল্লা বলেন, ‘অভিযোগের পর ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।’