অর্ধশতাধিক যাত্রী নিয়ে বুড়িগঙ্গায় ট্রলারডুবি, নিখোঁজ ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বুড়িগঙ্গায় ডুবে যাওয়া ট্রলার গতকাল উদ্ধারের পর রাখা হয় কেরানীগঞ্জের ইস্পাহানি ঘাটের সামনে l প্রথম আলো
বুড়িগঙ্গায় ডুবে যাওয়া ট্রলার গতকাল উদ্ধারের পর রাখা হয় কেরানীগঞ্জের ইস্পাহানি ঘাটের সামনে l প্রথম আলো

বুড়িগঙ্গা নদীতে বালুবাহী ট্রলারের (বাল্কহেড) ধাক্কায় অর্ধশতাধিক যাত্রী নিয়ে ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এই ঘটনায় একজন যাত্রী নিখোঁজ রয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে ট্রলারটি উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শী ও যাত্রীরা জানান, সোমবার রাত সাড়ে ১১টার দিকে ওয়াইজঘাট থেকে অর্ধশতাধিক যাত্রী নিয়ে একটি ট্রলার নদীর অপর পাড়ে ইস্পাহানি ঘাটের উদ্দেশে যাত্রা করে। কিছুদূর যাওয়ার পর প্রথমে ট্রলারটি কচুরিপানায় আটকা পড়ে। এর কিছুক্ষণের মধ্যেই একটি বাল্কহেডের ধাক্কায় ট্রলারটি ডুবে যায়।
ট্রলারের যাত্রী কেরানীগঞ্জের বাসিন্দা দীপক হাওলাদার গতকাল প্রথম আলোকে বলেন, বাল্কহেডের ধাক্কায় ট্রলারটি এক দিকে কাত হয়ে যায়। তখন তিনি হাতের ব্যাগ ফেলে লাফ দেন। পরে অন্য একটি পণ্যবাহী ট্রলারে উঠে প্রাণ বাঁচান। তাঁর মতো অন্য যাত্রীরা নৌকা ও ট্রলারে উঠে রক্ষা পান।
ওই ট্রলারের দুজন নারী যাত্রী বলেন, গভীর রাতে অন্ধকারে কিছুই দেখা যাচ্ছিল না। একটি খেয়ানৌকার মাঝির সহায়তায় তাঁরা বেঁচে যান।
গতকাল দুপুর ১২টার দিকে অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) টাগবোট অগ্রদূত ট্রলারটি উদ্ধার করে কেরানীগঞ্জ ইস্পাহানি ঘাটের কাছে টেনে নিয়ে যায়।
ফায়ার সার্ভিসের ডুবুরি মো. হুমায়ুন কবির জানান, ৫৫ ফুট নিচ থেকে ট্রলারটি উদ্ধার করা হয়েছে।
ট্রলারটি উদ্ধারের সময় নদীপাড়ে শত শত লোক জড়ো হয়। তবে তাঁদের মধ্যে স্বজনের খোঁজে আসা কাউকে দেখা যায়নি।
গতকাল দুপুরে নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমোডর সৈয়দ আরিফুর রহমান, প্রধান প্রকৌশলী এ কে এম ফখরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।
ফায়ার সার্ভিসের পরিচালক মেজর এ কে এম শাকিল নেওয়াজ গতকাল ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন, যাত্রীদের মধ্যে চৈতি (১৭) নামের এক তরুণী নিখোঁজ রয়েছে।
কেরানীগঞ্জের আগানগরে চৈতির খালা মর্জিনা বেগমের বাড়ি। তিনিও চৈতির নিখোঁজ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন।
সদরঘাটে নৌপরিবহন অধিদপ্তরের জরিপকারক মির্জা সাইফুর রহমান প্রথম আলোকে বলেন, দুর্ঘটনাকবলিত ট্রলারটির কোনো অনুমোদন ছিল না।
এদিকে ট্রলারডুবির ঘটনায় কোনো মামলা হয়নি। এ বিষয়ে বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক (ট্রাফিক) জয়নাল আবেদীন বলেন, বাল্কহেডের মালিকের খোঁজ পাওয়া যায়নি বলে মামলা হয়নি। পুলিশের কাছে ট্রলারটি হস্তান্তর করা হয়েছে।