অর্ধশতাধিক শিক্ষকের অনিশ্চিত ভবিষ্যৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘২০০৩ সাল থেকে গত ১১ বছর ধরে বিনা বেতনে আমরা চারজন শিক্ষক পাঠদান দিয়ে যাচ্ছি। ২০১৩ সালে প্রধানমন্ত্রীর জাতীয়করণের ঘোষণায় কষ্ট দূর হয়েছিল। কিন্তু জানি না, কী দুর্ভাগ্যের কারণে আমাদের বিদ্যালয়টি তৃতীয় ধাপের জাতীয়করণের তালিকা থেকে বাদ পড়ে গেছে। আমাদের ভবিষ্যৎ এখন অনিশ্চিত।’
কথাগুলো বলছিলেন খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার দুর্গম ঝুরঝুরি পাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমর কান্তি চাকমা। ওই বিদ্যালয়সহ উপজেলার দুর্গম এলাকার মোট ১৩টি প্রাথমিক বিদ্যালয় তৃতীয় ধাপের জাতীয়করণের তালিকা থেকে বাদ পড়েছে। উপজেলা ও জেলা বিদ্যালয় যাচাইবাছাই কমিটি উপজেলার বিদ্যালয়গুলো পরিদর্শন করে জাতীয়করণের জন্য ১৯টির তালিকা পাঠালেও মন্ত্রণালয় থেকে তালিকায় নাম এসেছে মাত্র ছয়টির। বাদ পড়া ১৩টি বিদ্যালয়ের ৫২ জন শিক্ষকের ভবিষ্যৎ এখন অনিশ্চিত।
২০১৩ সালের ১৭ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১২ সালের ২৭ মের আগে স্থাপিত বিদ্যালয়গুলো জাতীয়করণের আওতায় আনার ঘোষণা দেন।
উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় থেকে জানা গেছে, বিদ্যালয় যাচাইবাছাই করে উপজেলা কমিটি ২০১৩ সালের ৪ এপ্রিল জাতীয়করণের জন্য ১৯টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের তালিকা জেলা কার্যালয়ে পাঠায়। জেলা কার্যালয় ২৯ নভেম্বর তা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে পাঠায়। খাগড়াছড়ি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ডিপিইও) রমেন্দ্র নাথ পোদ্দার জানান, তৃতীয় ধাপের জাতীয়করণের তালিকায় সেখান থেকে মাত্র ছয়টি বিদ্যালয়ের নাম এসেছে।
তৃতীয় ধাপের জাতীয়করণের তালিকা থেকে বাদ পড়া ১৩টির মধ্যে সাতটি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সঙ্গে আলাপ করলে তাঁরা জানান, তাঁরা সরকারি সব নীতিমালা অনুসরণ করে বিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে ১০-১২ বছর ধরে বিনা বেতনে দায়িত্ব পালন করছেন। প্রধানমন্ত্রীর ঘোষণার পর তাঁরা আশাবাদী হয়ে উঠেছিলেন। এখন তৃতীয় ধাপের তালিকা থেকে বাদ পড়ায় তাঁদের ভবিষ্যৎ এখন অনিশ্চিত হয়ে পড়েছে। বয়স না থাকায় তাঁরা অন্য কোনো সরকারি চাকরিতেও যেতে পারছেন না। আবার শিক্ষক উপাধী লেগে যাওয়ায় দিনমজুরের কাজও করতে পারছেন না।
দীঘিনালার তিনটি বিদ্যালয় পরিদর্শনে আসা প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের উপপরিচালক (পরিকল্পনা ও পর্যবেক্ষণ) মো. আবু তালেব মিয়া বলেন, শিক্ষকদের হতাশ হওয়ার কিছুই নেই। প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী সব বিদ্যালয়ই জাতীয়করণের আওতায় আসবে। তবে তার জন্য অপেক্ষা করতে হবে।