ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে গত দুই দিনে অর্ধশতাধিক শিক্ষার্থী ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। তাঁদের বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে।
চিকিৎসাকেন্দ্র সূত্রে জানা গেছে, গত সোমবার বিশ্ববিদ্যালয়ের ছেলেদের কয়েকটি আবাসিক হলের কিছু শিক্ষার্থী ডায়রিয়ায় আক্রান্ত হন। গতকাল মঙ্গলবার সকালে এর প্রকোপ আরও বেড়ে যায়। দুই দিনে অর্ধশতাধিক শিক্ষার্থী ডায়রিয়ায় আক্রান্ত হন। ডায়রিয়ায় আক্রান্ত শিক্ষার্থীদের মধ্যে ফজলুল হক হলের উজ্জ্বল, কবীর, বিলাস, রনি, শরীফ, মামুন, কামরুলসহ ২৫ জন; হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের হাতেম, অনিক, নাহিদ, জুনায়েদ, কায়ছার, শিহাব, মারুফ, ইউনুসসহ প্রায় ১০ জন; বঙ্গবন্ধু শেখ মুজিব হলের শিপন, তুহিনসহ ১৫ জন; শহীদ জামাল হোসেন হলের পাঁচজন রয়েছেন। তাঁদের মধ্যে পাতলা পায়খানার সঙ্গে বমি হওয়ায় সাতজনকে ময়মনসিংহ কলেরা হাসপাতালে পাঠানো হয়েছে।
ডায়রিয়ায় আক্রান্ত হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের শিক্ষার্থী হাতেম আলী বলেন, ‘গত রোববার রাতে আমি জব্বার মোড়ে একটি হোটেলে খাবার খাই। এর পর থেকে আমার পেটে সমস্যা দেখা দিয়েছে।’
চিকিৎসাকেন্দ্রে ভর্তি হওয়া ফজলুল হক হলের স্নাতকোত্তরের ছাত্র মনিরুল ইসলাম বলেন, ‘আমি সাধারণত হলের ডাইনিংয়ে খাই না। তবে সোমবার রাতে ডাইনিংয়ের খাবার খাওয়ার পর পেটে সমস্যা দেখা দেয়।’
হল ডাইনিং, জব্বার মোড় ও শেষ মোড়ের হোটেলগুলোতে নিম্নমানের ও পচা-বাসি খাবার পরিবেশন করা হয় বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা। কয়েকটি হোটেলের মালিক এ অভিযোগ অস্বীকার করেছেন। তবে তাঁদের কিছু কর্মচারীও ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। উপাচার্য মো. রফিকুল হক বলেন, হলের খাবারের মান উন্নত করতে হল প্রভোস্টদের নির্দেশ দেওয়া হয়েছে।