অর্ধাহার-অনাহারে আদিবাসীরা
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার দুর্গম সাজেক ইউনিয়নের আদিবাসী গ্রামগুলোয় ৩০ হাজার জুমচাষি খাদ্যসংকটে পড়েছেন। অধিকাংশ মানুষ এখন অর্ধাহার-অনাহারে দিন কাটাচ্ছেন বলে দাতা সংস্থার প্রতিনিধি দল ও স্থানীয় জনপ্রতিনিধিরা জানিয়েছেন।এরই মধ্যে খাবারের খোঁজে তিন গ্রামের ৩৫ থেকে ৪০টি পরিবার ভারতে চলে গেছে। পাহাড়ে ইঁদুরবন্যা ও হলুদের চাষ করেও দাম না পাওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।প্রশাসন, দাতা সংস্থা ও জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলে জানা গেছে, সাজেকের দুর্গম গ্রামগুলোয় খাদ্যসংকট তীব্র আকার ধারণ করছে। আদিবাসীরা দীর্ঘদিন ধরে জঙ্গলের আলু খাচ্ছেন। ব্যাটলিং মৌজার উদোলছড়ি, বলপেয়ে ও তাংজাং গ্রামের ওই পরিবারগুলো ভারতের মিজোরামে চলে গেছে। এ অবস্থা চলতে থাকলে আরও কয়েক শ পরিবার গ্রাম ছাড়তে পারে।রাঙামাটি জেলা পরিষদের সদস্য বৃষকেতু চাকমা বলেন, জেলা পরিষদ থেকে জরুরি ভিত্তিতে গত ৩ মার্চ গ্রামগুলোয় ১০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়। পরিবারগুলোর তালিকা পেলে তা দ্রুত বিতরণ করা হবে।নাম প্রকাশ না করার শর্তে ব্যাটলিং গ্রামের কয়েকজন আদিবাসী অভিযোগ করেন, দেড় মাস ধরে খাদ্যসংকট চললেও কেউ এগিয়ে আসেনি। দিন দিন খাদ্যসংকট চরম আকার ধারণ করছে। বর্তমানে শিয়ালদাইলুই, তুইছুই ও ব্যাটলিং মৌজায় ৮০-১০০ টাকা কেজি দরে চাল বিক্রি হচ্ছে। অনেক সময় তাও পাওয়া যায় না। শিশুদের সামান্য ভাত খাওয়াতে পারলেও পরিবারের বয়োজ্যেষ্ঠদের অনেকে অর্ধাহারে কাটাচ্ছেন।সাজেক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান অতুলাল চাকমা বলেন, নয় শতাধিক পরিবারের প্রায় ৩০ হাজার মানুষ অর্ধাহারে-অনাহারে আছে। এলাকাভেদে ৫০-১০০ টাকা কেজি দরে চাল বিক্রি হচ্ছে।বিশ্বখাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) প্রতিনিধি দলের সদস্যরা জানান, সাজেকে এখন জুমের আগাছা পরিষ্কারের মৌসুম। ৬০ শতাংশ জুমচাষি খাদ্যের অভাবে জুমের আগাছা পরিষ্কার করতে পারছেন না, বাকি ৪০ শতাংশ আগাছা পরিষ্কার করলেও বীজ সরবরাহ ও খাদ্যসহযোগিতা না পেলে জুমচাষ করতে পারবেন না। ২০১০ সালে ইঁদুরবন্যা ও গত বছর হলুদ চাষ করে আদিবাসীরা ন্যায্য মূল্য না পাওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। সাজেকে বর্তমানে কাঁচা হলুদের দাম মণপ্রতি ২০০ টাকা ও শুকনো হলুদের দাম দেড় হাজার টাকা। গত বছর কাঁচা হলুদের দাম ছিল মণপ্রতি ৮০০ টাকা ও শুকনো হলুদের দাম ছিল নয় হাজার টাকা।৮ নম্বর ইউপির সদস্য রাজন রিয়াং বলেন, ‘আমাদের এলাকায় চরম খাদ্যসংকট চলছে। অধিকাংশ মানুষ এখন অর্ধাহার-অনাহারে কোনো রকমে বেঁচে আছে। তিন গ্রাম থেকে খাবারের খোঁজে ৩৫ থেকে ৪০টি আদিবাসী পরিবার ভারতে চলে গেছে।’ডব্লিউএফপির কর্মসূচি কর্মকর্তা কাইনীয়াত কবির বলেন, ‘আমরা সরেজমিনে দেখলাম, অনেক মানুষ জঙ্গলের আলু খেয়ে কোনো রকমে বেঁচে আছে।’ডব্লিউএফপির সহকারী কর্মসূচি কর্মকর্তা রোনেল চাকমা বলেন, ‘আমরা প্রতিবেদন জমা দেওয়ার পর এশিয়া উন্নয়ন ব্যাংককে (এডিবিকে) বরাদ্দ দেওয়ার প্রস্তাব দেব। বরাদ্দ পেলে গ্রামগুলোয় দ্রুত খাদ্য সরবরাহ করা হবে।’বাঘাইছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান সুদর্শন চাকমা বলেন, সাজেকে খাদ্যসংকটের বিষয়টি জেলা প্রশাসককে লিখিতভাবে জানানো হয়েছে। এ বিষয়ে মাসিক সভায়ও আলোচনা হয়েছে।প্রসঙ্গত, এ নিয়ে গত ২৮ ফেব্রুয়ারি প্রথম আলোর আঞ্চলিক ক্রোড়পত্র ‘আলোকিত চট্টগ্রাম’-এ ‘সাজেকের দুর্গম গ্রামে খাদ্যাভাব’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। এতে জেলা পরিষদ, উপজেলা প্রশাসনসহ দাতা সংস্থা ও স্থানীয় উন্নয়ন সংস্থার মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। জরুরি ভিত্তিতে জেলা পরিষদ ও সদস্যদের বৈঠকে ১০ মেট্রিক টন চাল বরাদ্দের সিদ্ধান্ত হয়। পরে আরও পাঁচ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়। চালগুলো এখনো বিতরণ করা হয়নি।